ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কমিটি বিলুপ্তি দাবিতে ইবি ফটকে ছাত্রলীগের তালা

কমিটি বিলুপ্তি দাবিতে ইবি ফটকে ছাত্রলীগের তালা
×

ছবি: সমকাল

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:২০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন কর্মীরা।

মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে প্রায় আধাঘণ্টা গাড়ি আটকে রাখেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের দুপুর ২টার নির্ধারিত বাস ছেড়ে যেতে না পারায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, অর্থের বিনিময়ে কমিটি হওয়ার অভিযোগে গত মাস দুই আগে শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ কর্মীরা। এর পর থেকে কমিটি বিলুপ্তির দাবিতে আন্দোলন করে আসছেন তারা। কয়েক দফায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে সশস্ত্র ধাওয়া দিয়েছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের মামলায় রাকিবুল জেলে আছেন। মঙ্গলবার বিক্ষোভে নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সহসম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ‌‘কয়েক মাস ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায়ই গেটে তালা লাগিয়ে দেয়। তাদের রাজনৈতিক বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের কেন ভোগান্তিতে পড়তে হবে?’

আরও পড়ুন

×