ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

এই মুহূর্তে সংঘাতে জড়াতে চাই না: ফখরুল

এই মুহূর্তে সংঘাতে জড়াতে চাই না: ফখরুল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৮

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পূর্বঘোষিত শোভাযাত্রার প্রস্তুতি নিয়েও পুলিশের বাধায় করতে পারেনি বিএনপি। অনুমতি না থাকায় শোভাযাত্রার চেষ্টা করলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে- পুলিশের এমন বক্তব্যের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা এই মুহূর্তে কোনো সংঘাতে জড়াতে চান না।

মঙ্গলবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রা করা যাবে না।

মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি শোভাযাত্রার জন্য আবেদন করেছিল। তবে সব অফিস-আদালত খোলা। রাজধানীতে তীব্র যানজট। এর মধ্যে শোভাযাত্রা করলে মানুষের দুর্ভোগ হবে। এর পরিপ্রেক্ষিতে আগে থেকেই বিএনপিকে জানানো হয়েছে, কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। এর পরও যদি তারা শোভাযাত্রা করতে চায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দলের অফিসের সামনে একটা যুদ্ধাবস্থা তৈরি করে রেখেছে পুলিশ। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তারা শোভাযাত্রা করতে চেয়েছিলেন। সেইভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন। কিন্তু তাদের বলা হয়- কার্যালয়ের নিচে নামলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা এই মুহূর্তে কোনো সংঘাতে জড়াতে চান না।

দেশে প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গত ১০ বছরে প্রায় দেড় হাজারের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। শুধু রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। গুম হয়ে গেছে প্রায় এক হাজার মানুষ। আজকে সমগ্র বাংলাদেশে মানবাধিকার বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে ভিন্নমত যিনিই পোষণ করবেন, তারই অধিকার ক্ষুণ্ণ করা হয়, গ্রেপ্তার করা হয়, গুম করা হয়।

ভারতের লোকসভায় নাগরিকত্ব বিল পাসের সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে অভিযুক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে এখানে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা হয়েছে। তাদের ওপর নির্যাতন আওয়ামী সরকারের আমলে যতটা হয়েছে আর কখনও সেটা হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×