খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট 'পাল্টানো হচ্ছে', শঙ্কা ফখরুলের
বৈঠকে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলগমীর- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১০:২৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ১০:৫১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার যে মেডিকেল রিপোর্ট দিয়েছে, তা পাল্টে দিয়ে ভিন্ন রিপোর্ট আদালতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বুধবার গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গত ৩০ নভেম্বর বিএসএমএমইউ উপাচার্যের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি পড়ে শোনান। যেখানে খালেদা জিয়ার অবস্থা 'ক্রিপল স্টেজ' উল্লেখ করে তার উন্নত চিকিৎসার কথা বলা হয়েছে।
বৈঠকে 'নিখোঁজ' নেতাকর্মীদের স্বজনরা অশ্রুসজল কণ্ঠে বক্তব্য দেন।
শুরুতে বিএনপির সম্পাদনায় ২০০৯ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সময়ে মানবাধিকার লঙ্ঘনের নানা তথ্য সংবলিত গ্রন্থ 'অ্যাবসেন্স অব ডেমোক্রেসি অ্যান্ড সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশনস বাই স্টেট অ্যাপারেটাস'-এর মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব। পরে গ্রন্থের ওপর তথ্যচিত্র তুলে ধরেন বিএনপি নেতা ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ। এর পর দলের মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সূচনা বক্তব্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, অত্যন্ত সচেতনভাবে খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটক রাখার জন্য সরকার কাজ করছে এবং এভাবে তারা (সরকার) বড় রকমের মানবাধিকার লঙ্ঘন করছে। একই ধরনের মামলায় অন্য আসামিদের জামিন হয়ে গেছে, তারা জামিনে আছেন। তবে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহ দাবি করে তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতি এত ভয়াবহ আর কখনোই ছিল না। গত ১০ বছরে বাংলাদেশে শুধু ভিন্নমত, ভিন্ন রাজনৈতিক চিন্তার কারণে ১ লাখ ৪ হাজার ৮১৪টি মামলায় প্রায় ৩৫ লাখ মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকার ও আওয়ামী লীগের হাতে বিরোধী দলের ১৫২৬ জন নেতাকর্মী মারা গেছেন এবং বিএনপির ৪২৩ জন গুম হয়েছেন। সব মিলিয়ে গুম হয়েছেন ৭৮১ জন।
গোলটেবিল বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ ১৫টি দেশের কূটনীতিক অংশ নেন।
মির্জা ফখরুলের সভাপতিত্বে এবং শ্যামা ওবায়েদ ও ফারজানা শারমিনের পরিচালনায় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুবউল্লাহ, এএইচএম মোফাজ্জল করীম, নুর খান, মাসুদ আজিজ প্রমুখ বক্তব্য দেন। আরও বক্তব্য দেন পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার শাহ ফয়সাল কাকর।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ, ইসমাইল জবিউল্লাহ, এনামুল হক চৌধুরী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, খন্দকার আবদুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি
- মির্জা ফখরুল
- খালেদা জিয়া জামিন
