ধনীদের স্বার্থরক্ষায় পাটশিল্প ধ্বংসের চক্রান্ত চলছে: সেলিম
মুজাহিদুল ইসলাম সেলিম - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ধনিক শ্রেণির স্বার্থরক্ষায় বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে সরকার পাটশিল্পকে ক্রমেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাটশিল্পকে ক্রমাগত লোকসানি খাত হিসেবে দেখিয়ে সরকার তাদের এ অভিপ্রায় বাস্তবায়ন করতে চায়।
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে সিপিবি আয়োজিত অবস্থান সমাবেশে সভাপতির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম এ কথা বলেন। পাটকল শ্রমিকদের চলমান আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পাটকল শ্রমিকরা ১৫ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না। যখন ব্যাংক লুট হয়, দেশ থেকে চার হাজার কোটি টাকা পাচার হয়, তখন সরকারের মন্ত্রীরা বলেন, 'এ টাকা কিছুই না।' এখন শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধের সময় সে তুলনায় অতি সামান্য অর্থ জোগান দিতে তাদের সমস্যা হচ্ছে। আন্দোলনরত শ্রমিকের মজুরি পরিশোধ না করে মন্ত্রী-আমলাদের বেতন দেওয়া হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে।
তিনি বলেন, পাটকল শ্রমিকরা পাটশিল্প রক্ষার যে ১১ দফা দাবি তুলে ধরেছেন, তার সঙ্গে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। দেশ বাঁচাতে হলে চলমান নয়া উদারনীতিবাদ নামের লুটেরা শাসন যারা চালাচ্ছে, সেই গণবিরোধী সরকারকেও উচ্ছেদ করতে হবে।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ ক্বাফী রতন, মাহবুব আলম, আহসান হাবীব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, আবদুল কাদের, কাজী রুহুল আমীন, ডা. সাজেদুল হক রুবেল, জাহিদ হোসেন খান, হযরত আলী, মুর্শিকুল ইসলাম শিমুল, আরিফুল ইসলাম নাদিম, পারভেজ মাহমুদ, অনিক রায় প্রমুখ।
- বিষয় :
- মুজাহিদুল ইসলাম সেলিম
- সিপিবি সভাপতি