ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সরকারের ব্যর্থতায় জীবন-জীবিকা স্তব্ধ: জাপা

সরকারের ব্যর্থতায় জীবন-জীবিকা স্তব্ধ: জাপা
×

জিয়াউদ্দিন আহমেদ বাবলু- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ১২:৫৪

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সরকার দাবি করেছিল তারা করোনার চেয়েও শক্তিশালী। কিন্তু ইউরোপ, যুক্তরাষ্ট্র এমনকি ভারতেও যখন লকডাউন প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক হয়েছে, সেই সময়ে বাংলাদেশে জীবন শঙ্কার মুখে। বন্ধ জীবিকার পথ। সরকারের দূরদর্শিতার অভাব ও ব্যর্থতায় জীবন-জীবিকা স্তব্ধ হয়ে পড়েছে।

শুক্রবার জাপার কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিলে অনলাইন মুক্ত হয়ে এসব কথা বলেন জিয়াউদ্দিন বাবলু।

জাপা মহাসচিব বলেন, সরকারের অপরিকল্পিত নীতির খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে। সরকার এই আধুনিক যুগে টিকা দিতে পারছে না; অথচ ৩৮ বছর আগে উপজেলা প্রতিষ্ঠা করে গ্রামে হাসপাতাল করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ। করোনার দেড় বছরেও সরকার হাসপাতালগুলোতে অক্সিজেন সুবিধা দিতে পারেনি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

আরও পড়ুন

×