শোষণ-বঞ্চনা প্রকট হচ্ছে: তানিয়া রব
তানিয়া রব - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৯
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তানিয়া রব বলেছেন, ব্রিটিশ-পাকিস্তানিদের রেখে যাওয়া ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থা বহাল রেখেই গত ৪৮ বছর ধরে দেশ পরিচালিত হচ্ছে। ফলে দেশে শোষণ, বঞ্চনা, আয় ও উন্নয়ন বৈষম্য প্রকট হচ্ছে। দলীয় শাসন, ব্যক্তিশাসন ও এককেন্দ্রিক শাসনব্যবস্থা দিয়ে ১৮ কোটি মানুষের দেশ পরিচালনা আর সম্ভব নয়। পরাধীন আমলের মতো গ্রামবাংলার মানুষের শ্রম-ঘামের মূল্যে রাজধানী বা শহরের উন্নয়নের নিষ্ঠুর প্রহসন আর চলতে পারে না।
শুক্রবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ময়মনসিংহ জেলা ও মহানগর জেএসডির যৌথ প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৬৮ হাজার গ্রামের মানুষকে তার প্রাপ্য অধিকার দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিত করতে হবে। প্রাদেশিক ও ফেডারেল পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন এবং সর্বস্তরের সমাজশক্তির অংশীদারিত্বভিত্তিক দ্বি-কক্ষ পার্লামেন্ট গঠনসহ জেএসডির ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সব ধরনের বৈষম্য দূর করতে হবে।
অ্যাডভোকেট মিয়া হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেএসডির স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবদুর রহমান, জামালপুর জেলা সভাপতি অধ্যাপক আমির উদ্দিন, নাগরিক ঐক্যের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, আবুল কালাম মণ্ডল, আলমগীর আখন্দ, অধ্যাপক আবুল কাশেম, সাইফুল ইসলাম ফকির ও হাসিনা রওনক।
সভায় অ্যাডভোকেট মিয়া হোসেনকে আহ্বায়ক ও আবুল কালাম মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের ময়মনসিংহ জেলা কমিটি এবং সাইফুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মজিবর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়।
