ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

৫ অ্যাম্বুলেন্সের ৩টি অকেজো একমাত্র জেনারেটরও বিকল

৫ অ্যাম্বুলেন্সের ৩টি অকেজো একমাত্র জেনারেটরও বিকল
×

 প্রদীপ শীল, রাউজান (চট্টগ্রাম)

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:০১

| প্রিন্ট সংস্করণ

হাসপাতালের নথিপত্রে মোট পাঁচটি অ্যাম্বুলেন্স থাকার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এর মধ্যে তিনটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। বাকি দুটি সচল থাকলেও চালক রয়েছেন মাত্র একজন। ফলে জরুরি রোগী পরিবহন ব্যাহত হচ্ছে। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা পাঁচজন, আছেন মাত্র দুজন। বিদ্যুৎ সরবরাহের বিকল্প হিসেবে থাকা জেনারেটরটিও দীর্ঘদিন ধরে বিকল। আবাসিক চিকিৎসক হাসপাতালে অবস্থান করেন না– এমন অভিযোগও রয়েছে।

রাউজান উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। অ্যাম্বুলেন্স সংকট, জনবল ঘাটতি, অবকাঠামোগত দুরবস্থা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি যেন নিজেই ‘রোগাক্রান্ত’।
সরেজমিন দেখা যায়, হাসপাতালের বাইরে একটি টিনশেডের নিচে পড়ে আছে কোটি টাকা মূল্যের একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স। করোনা মহামারির সময় ভারত সরকারের দেওয়া আইসিইউ সুবিধাসম্পন্ন এই অ্যাম্বুলেন্সটি গ্রহণের পর থেকে কখনও ব্যবহার করা হয়নি বলে জানা গেছে।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রটি বিশাল এলাকাজুড়ে নির্মিত হলেও সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে মূলত একতলা ভবনে। অবকাঠামোগত নকশাগত ত্রুটি ও অবস্থানগত কারণে পুরো হাসপাতাল চত্বরে সারাবছরই স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজ করে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আবদুল করিম বলেন, ‘বছরের পর বছর একই অবস্থা চলছে। চিকিৎসা পেলেও পরিবেশ ভালো না।’ সন্তানের চিকিৎসা নিতে আসা কহিনুর আক্তার বলেন,  হাসপাতালে আধুনিকতার ছোঁয়া লাগেনি। জলাবদ্ধতা নিরসনে আশপাশের সড়ক উঁচু করা দরকর। সম্পা রানী প্রীতি বলেন, বর্ষা মৌসুমে হাসপাতাল চত্বর পানিতে ডুবে যায়। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

সরেজিমন পরিদর্শনে আরও দেখা যায়, চিকিৎসক ও কর্মচারীদের জন্য থাকা ৯টি আবাসিক ভবনের বেশির ভাগই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনগুলো লতাপাতা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে। ভেতরের সড়কগুলো কাদাপূর্ণ ও চলাচলের অনুপযোগী। বসবাসরত কয়েকজনের অভিযোগ, এলাকায় বিষধর সাপের উপদ্রব রয়েছে। একই সঙ্গে মশা-মাছির উপদ্রবও ব্যাপক।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, রোগীদের খাটের নিচে বিড়ালের অবাধ বিচরণ। টয়লেটগুলো নোংরা ও অস্বাস্থ্যকর, অনেকগুলোর দরজা ভাঙা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহজাহান বলেন, ‘নতুন নিয়োগে চিকিৎসক সংকট কিছুটা কাটলেও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদ এখনও শূন্য। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় সংস্কার কাজ করা যাচ্ছে না।’ তিনি আরও বলেন, একতলা নকশায় নির্মাণ হওয়ায় সারাবছরই পানি জমে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়, যা বর্ষায় আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, দ্রুত জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও অ্যাম্বুলেন্সগুলো সচল করার উদ্যোগ না নিলে স্বাস্থ্যসেবার মান আরও অবনতির দিকে যাবে।

আরও পড়ুন

×