সাক্ষাৎকার : ডা. মো. একরাম হোসেন
উপকৃত হচ্ছেন গরিব রোগীরা
ডা. মো. একরাম হোসেন তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত), জেনারেল হাসপাতাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:০৩
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেন বলেন, ‘ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। আইসিইউতে ভর্তি রোগীকে প্রথমবারের মতো অন্য কোথাও রেফার না করেই ডায়ালাইসিস সেবা দিতে সক্ষম হয়েছি আমরা। এটি আমাদের জন্য অন্যরকম প্রাপ্তির ও আনন্দের। কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ কমাতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগই কম আয়ের, খেটে খাওয়া। যাদের পক্ষে বেসরকারিতে কয়েকগুণ বেশি টাকা খরচে ডায়ালাইসিস করানো অসম্ভব। তাই সরকারি হাসপাতালই তাদের একমাত্র ভরসা।’ চট্টগ্রামের বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ আরও বলেন, ‘চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম সরকারি এ হাসপাতালের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেবার মান উন্নয়নসহ সার্বিক অগ্রগতিতে কাজ করে যাচ্ছি। এরইমধ্যে নানা উদ্যোগও বাস্তবায়ন করেছি। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠিও পাঠিয়েছি। যার প্রেক্ষিতে সরকারের দায়িত্বপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তারা এখানে সরেজমিন পরিদর্শন করতে এসেছেন। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (শৃঙ্খলা শাখা) শাব্বির ইকবালও হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করেছেন। এটির সার্বিক উন্নয়নে নিজের নানা পরিকল্পনার কথা জানিয়েছি উনাকে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।
ডা. মো. একরাম হোসেন বলেন, ‘ক্রমবর্ধমান রোগীর চাহিদা বিবেচনায় ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২০ শয্যার একটি স্বতন্ত্র ডায়ালাইসিস ইউনিট স্থাপনের পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাঠিয়েছে। জনবল ও লজিস্টিক সাপোর্ট পেলে ডায়ালাইসিস সেবা সক্ষমতা বাড়ানো যাবে। সাধারণ মানুষ যাতে সহজে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারেন তার জন্য যা করার তা করছি। এজন্য সবার সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।’ ডা. মো. একরাম হোসেন একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। এমবিবিএস, এমপিএইচ ও ডি-কার্ড ডিগ্রিধারী এই চিকিৎসক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও হাঁপানি ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
- বিষয় :
- সাক্ষাৎকার
