ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত
×
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ পালন
ওয়াশিংটন ডিসি প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ২৩:০০
১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি জাতির উপর বর্বর হামলা এবং হত্যাযজ্ঞ স্মরণে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে।
বুধবার অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তার বক্তব্যে বলেন, পাকিস্তান সেনাবাহিনী ২৫শে মার্চ রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গুলি ও হত্যাযজ্ঞ শুরু করে। এই হত্যাযজ্ঞ অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। তিনি এই হত্যাকাণ্ড মানব ইতিহাসে ও নিকৃষ্টতম হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘অপারেশন সার্চলাইট’ চলাকালীন পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাসভবন ঘেরাও করে। পাক সেনারা বঙ্গবন্ধুর বাসভবনে প্রবেশের আগে জাতির জনক তার এক লিখিত বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বাঙালি জাতিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর নির্দেশে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রথম সচিব এবং চ্যান্সারি প্রধান মো. মাহমুদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
- বিষয় :
- গণহত্যা দিবস
