ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

তিন প্রবাসীর নগদ সাড়ে ১১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান

তিন প্রবাসীর নগদ সাড়ে ১১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান
×

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৯:৫২

সংযুক্ত আরব আমিরাতে লকডাউন শিথিল করার পর ধীরে ধীরে কর্মমুখী হতে শুরু করেছেন প্রবাসীরা। সড়কে চলছে পাবলিক পরিবহন। সকাল ৬টা থেকে রাত ১০ পর্যন্ত এখন প্রবাসীদের কর্মযজ্ঞ ব্যস্ততা। বন্ধ থাকা ছোট-বড় দোকান পাট, শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কিছু কিছু সরকারি দপ্তর ইতিমধ্যে পুনরায় চালু হয়েছে। তবে দীর্ঘ লকডাউনে আটকে থাকা আয়হীন প্রবাসীরা নগদ অর্থ সংকটে ভোগছেন।

এমন পরিস্থিতিতে গত সোমবার ও মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের প্রায় সাড়ে ১১ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনজন বাংলাদেশি ব্যবসায়ী। আমিরাতের শারজা বিএমডব্লিউ,  আবু সাগরা, দুবাইয়ের আল মতিনা, আল নাখিল, সোনাপুর লেবার ক্যাম্প, ইন্টারন্যাশনাল সিটি ও আল কুজ এলাকায় প্রায় তিন শতাধিক প্রবাসীর মাঝে এই নগদ অর্থ বণ্টন করা হয়।

এই কার্যক্রমে যৌথভাবে অংশগ্রহণ করেন- ইয়াকুব সুনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াকুব সুনিক, আবিরস্থ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর সভাপতি জুলফিকার ওসমান ও একই সংগঠনের সহ-সভাপতি হারুনুর রশিদ।

এর আগে করোনা ভাইরাসে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতিতে আরব আমিরাতের অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের খাবার সরবরাহও করেন এই তিন ব্যবসায়ী বন্ধু। কখনো সম্মিলিতভাবে কখনো ব্যক্তি উদ্যোগে সংকটাপন্ন প্রবাসীদের পাশে দাঁড়ান তারা। এ ছাড়াও দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আল আবিরের পক্ষ থেকে বাংলাদেশ কনস্যুলেট পরিচালিত ত্রাণ তৎপরতায়ও অংশগ্রহণ করেন এই ব্যবসায়ীরা।

নগদ অর্থ সহায়তা পাবার পর প্রবাসীরা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ কল্পে দেয়া লকডাউনের কারণে কর্মহীন হয়ে তারা ঘরে অবস্থান করে। সেসময় প্রচন্ড খাদ্য সংকটও দেখা দেয়। তবে বাংলাদেশ কনস্যুলেট সহ কিছু সংগঠন ও প্রবাসী ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করে তাদের। এতে করে ক্ষুদা নিবারণ হলেও দীর্ঘদিন কাজে না যাওয়ায় নগদ অর্থের অভাব দৃশ্যমান হয়ে উঠে।

দৈনন্দিন কাজে বা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে নগদ এই অর্থ সহায়তা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন

×