ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আলবার্টায় তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

আলবার্টায় তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
×

বৃষ্টিতে ডুবে যাওয়া রাস্তা -সমকাল

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০০:৫৫

কানাডার দক্ষিণ-পূর্ব আলবার্টায় শনিবার সন্ধ্যায় তীব্র ঝড়সহ বজ্রপাত ও ভারী শিলাবৃষ্টিতে ক্যালগেরি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  শহরটির অনেক রাস্তা প্লাবিত হয়েছিল। এগুলোর বেশিরভাগ উত্তর-পূর্ব ক্যালগরিতে, ৫২ তম স্ট্রিট এবং ম্যাককনাইট বুলেভার্ডসহ এবং ১৬ এভিনিউ থেকে ৩২তম অ্যাভিনিউ এনইএর মধ্যে ডেরফুট ট্রেল অন্তর্ভুক্ত।

শহরটির দমকল বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তাদের একটি নৌকা ডেয়ারফুট ট্রেলে আটকা পড়া গাড়িচালকদের উদ্ধার করেছে। আকস্মিক বন্যার কারণে মারলবারো এবং স্যাডলেটাউন স্টেশনের মধ্যে সি ট্রেন যাতায়ত স্থগিত করা হয়েছে। শহরের উত্তর-পূর্বের একাধিক সড়কেও যান চলাচল স্থগিত করা হয়েছে।

এদিকে ক্যালগেরির নর্থইস্ট এলাকাটি এশিয়ান অধ্যুষিত এলাকা। এই এলাকায় প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি বসবাস করেন। ঝড়-বৃষ্টিতে প্রবাসীদের বাড়ি-ঘর, গাড়ি এবং বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

প্রবাসী বাঙালি আহমেদ তৌফিক বলেন, প্রায় ২০ মিনিটের শিলাবৃষ্টিতে আমার দুইটা টয়োটা রাভ ৪ গাড়ি, বাড়ির সাইডিং এবং ফিটিং রুফের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।  এছাড়াও গত দু’মাস ধরে বাগানে লাগানো সব শাকসব্জি নষ্ট হয়ে গেছে। মাত্রই ফুল আসা আপেল গাছেরও ক্ষতি হয়েছে, বাগানে যা ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে ।

নর্থ ইস্ট এর সৈয়দা রওনক জাহান বলেন, এই এলাকায় প্রায় প্রতিটি বাড়ি এবং গাড়ির ব্যাপক ক্ষতি সধন হয়েছে।  প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাখণ্ড ছিল যা ঘরবাড়ি এবং গাড়ির ক্ষতিসাধন করে। তবে আমাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন

×