ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

যুক্তরাষ্ট্রে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ
×

লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২০ | ২২:৪৩ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০১:৫১

যুক্তরাষ্ট্রে কয়েকদিনের মধ্যেই করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণের আশঙ্কা করা হয়েছে। দেশটির জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান ড. অ্যান্থনি ফাউচি এমন আশঙ্কা করেছেন। 

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, বেশ কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার। যা খুবই বিপদজনক। 

তিনি আরও বলেন, অঙ্গরাজ্য ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনাসহ অন্যান্য রাজ্যেগুলোতে করোনার যে ঢেউ দেখা যাচ্ছে তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ নেবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। এবার বেশি আক্রান্ত হচ্ছে তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।এর মধ্যে টেক্সাসে গত এক সপ্তাহে প্রায় ২৫ হাজার আক্রান্ত হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি। কোভিড পরীক্ষায় পজিটিভ হার প্রায় শতকরা ১০ ভাগ। এছাড়া ফ্লোরিডায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রায় ২৩ হাজার, যা গত সপ্তাহের তুলনায় ৮৭ শতাংশ বেশি। পজিটিভ হার শতকরা ১১ ভাগ। 

ক্যালিফোর্নিয়ায় গত দুইদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ৭০ ভাগ। মঙ্গলবার এ রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছে ৭ হাজারেরও বেশি। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ এবং মারা গেছে প্রায় ৬ হাজার মানুষ। বর্তমানে আক্রান্তের দিক দিয়ে নিউইয়র্কের পর দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া। 

বিগত কয়েক সপ্তাহের লাগাতার বর্ণবাদবিরোধী আন্দোলন, লকডাউন তুলে নেওয়া এবং সর্বোপোরি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী সমাবেশ যেন ভুলিয়ে দিয়েছে দেশটির প্রাণঘাতী করোনার ভয়াবহ ছোবলের কথা। লকডাউন তুলে স্বাভাবিক করে দেওয়া হয়েছে সবকিছু।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা বিস্তার রোধে যুক্তরাষ্ট্র আর লকডাউনে ফিরবে না।এ অবস্থায় দেশটির সাধারণ মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়েছে । 

বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন। আর এতে মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৬৯ জনের।


আরও পড়ুন

×