ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৫ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে ইতালিতে যাত্রী নেবে না দুই এয়ারলাইন্স

১৩ দেশের নাগরিকের ইতালিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

১৩ দেশের নাগরিকের ইতালিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
×

সংগৃহীত ছবি

ইউসুফ আলী, রোম (ইতালি)

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১৪:০২ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ১৪:৩০

১৩টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার বিকালে এক আদেশে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ইতালি সরকার এখন পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের দেশটিতে প্রবেশে সাত দিনের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে জানা গেছে।

এদিকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত কাতার ও তুর্কি এয়ারলাইন্স ঢাকা থেকে ইতালিতে যাত্রী পরিবহন করবে না। সংস্থা দু’টি বৃহস্পতিবার সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ইতালির সরকার বৃহস্পতিবার বিকেলে নতুন যে আদেশ জারি করেছে, তাতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বাইরে ১৩টি দেশের নাগরিকরা সাময়িকভাবে ইতালি প্রবেশ করতে পারবেন না। এসব দেশের তালিকায় রয়েছে- আর্মেনিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া হার্জিগোভিনা, চিলি, মেসেডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, কুয়েত এবং ডোমেনিকান প্রজাতন্ত্র। এসব দেশে গত ১৪ দিন যারা অবস্থান করেছেন তারা আপাতত ইতালি প্রবেশ করতে পারবেন না।

এদিকে বৃহস্পতিবার আরও ১৪ বাংলাদেশি ইতালিতে করোনায় সংক্রমিত হয়েছেন বলে রোমের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। রোমে বাংলাদেশের স্থায়ী দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদারকে এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠক সম্পর্কে রাষ্ট্রদূত সমকালকে বলেন, গত ১ জুনের পর ইতালি প্রবেশ করেছে এমন ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে একই পরিবারের ৪ জনসহ আরও ১৪ জন করোনায় পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। এছাড়া বাংলাদেশি প্রবাসীদের রোমের বিভিন্ন স্থানে নমুনা পরীক্ষা করার জন্য আরও বেশকিছু অস্থায়ী বুথ স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে সহজেই করোনা পরীক্ষা করা যাবে।

এরআগে, বুধবার এক বাংলাদেশি প্রবাসী ট্রেনে রাজধানী রোমের টেরমিনি স্টেশনে এলে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। এ নিয়ে দেশটিতে সাম্প্রতিক সময়ে ৯৮ জন বাংলাদেশির করোনা শনাক্ত হলো।

অপরদিকে, বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৫ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশ থেকে ইতালিতে যাত্রী পরিবহন করবে না। একই সিদ্ধান্ত জানিয়েছে তুর্কি এয়ালাইন্স।  

আরও পড়ুন

×