গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:৫২ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৩:৫৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার বাসিন্দা। তবে তিনি গত প্রায় পাঁচ বছর ধরে শ্বশুরবাড়ি গোয়ালবাড়ি গ্রামে বসবাস করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা একজনকে আটক করে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা গরু চোর সন্দেহে ফিরোজ আলীকে মারধর করে গুরুতর আহত করেন।
পরে তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- গরু চুরি
- গণপিটুনি
