শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্মের যাত্রা
ছবি- ‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ অনুষ্ঠানে কবি ও আবৃত্তিশিল্পীরা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৮:৪৮
কবি ও আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় কবিতা পাঠ, আবহসঙ্গীত ও কনটেম্পোরারি কোরিওগ্রাফি উপস্থাপনের মাধ্যমে রাজধানীর গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশের অডিটরিয়ামে ‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ উদ্বোধন করা হয়।
অতঃপর শব্দায়নের উদ্যোগটির বাস্তবায়ন সহযোগী গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতায় ইউসিএসআই ইউনিভার্সিটি। প্ল্যাটফর্মের ব্রান্ডিং পার্টনার বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।
এতে অংশ নেন দেশের প্রতিনিধিত্বশীল কবি, আবৃত্তিশিল্পী ও অন্যান্যরা। আয়োজনে ধ্রুপদী ও সমকালীন বাংলা ভাষার কবিতার পাশাপাশি মান্দি, ইংরেজি ও জার্মান ভাষায় কবিতা পাঠের সঙ্গে আবহসঙ্গীত ও কনটেম্পোরারি কোরিওগ্রাফি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবি ও আবৃত্তিশিল্পীরা হলেন– আফজাল হোসেন, আফাজ উদ্দিন কবিরাজ, টিটো মুন্সী, মিঠুন রাকসাম, রিংকু রাহী, থিওটোনিয়াস গমেজ, মনিরুল মনির, পিয়াস মজিদ, শিবু কুমার শীল, শাহ্নাজ মুন্নী, ফ্র্যাঙ্ক ভের্নার, উম্মে রায়হানা, টোকন ঠাকুর ও নিশাত জাহান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদাব হাশমি ও মারিয়া ফারিহ্ উপমা। ম্যাশ-মাহবুব কোরিওগ্রাফি টিম কনটেম্পোরারি নৃত্য এবং কবি ও শিল্পী শিবু কুমার শীল ও টিম আবহসঙ্গীত করেছেন।
অনুষ্ঠান শেষে শব্দায়ন প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন অতঃপর শব্দায়নের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ ভিশনারি অফিসার (সিভিও) যোবায়ের শাওন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি তারিক-উল ইসলাম, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি তুষার প্রসুন।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রতিটি কবিতা পাঠের অডিও-ভিজ্যুয়াল আয়োজক ও সহযোগীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে পরবর্তী সময়ে প্রচার করা হবে। পরবর্তীতে এই উদ্যোগ দেশের আটটি বিভাগেই পর্যায়ক্রমে আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
- বিষয় :
- সাহিত্য
