উদ্যোগ
শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য মানবিক পাঠশালা
পথশিশুদের পাঠদান করছেন দোলন ছবি : সংগ্রহ
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৭:১৪
| প্রিন্ট সংস্করণ
ঢাকার পলাশীর মোড় এলাকার ফুটপাতে বসবাস বেশ কয়েকটি ছিন্ন মূল পরিবারের। পরিবারের অন্য সদস্যদের মতো বেড়ে উঠছে শিশুরাও। বঞ্চিত হওয়ায় অনেক শিশুই মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষা থেকে। ফুটপাত বা বস্তিতে বেড়ে ওঠা এই শিশুদের মধ্যেও রয়েছে সুপ্ত প্রতিভা।
ঢাকা মেট্রোপলিটান পুলিশে (ডিএমপি) কর্মরত দোলন ছাত্রজীবন থেকেই কাজ করে যাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া এমন অসহায় জনগোষ্ঠীর কল্যাণে। সেই ধারাবাহিকতায় ডিএমপিতে যোগ দেওয়ার পর তিনি নানান সেবামূলক কাজের পাশাপাশি ঢাকার পলাশীর মোড়ে ২৬ জন পথশিশুর জন্য স্বেচ্ছাসেবীদের সহায়তায় চালু করেন মানবিক পাঠশালা। কখনও স্বেচ্ছাসেবীরা তাদের ক্লাস নেয় কখনওবা ডিউটির পর অবসর সময়ে ক্লাস নিতে ছুটে যান পুলিশের এই মানবিক সদস্য।
দোলনের চাকরিজীবনের শুরুটা হয় বান্দরবান পার্বত্য জেলায়। সেখানে দুগর্ম পাহাড়ি অঞ্চলে শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য বান্দরবানের স্বেচ্ছাসেবীদের সহায়তায় শুরু করেন মানবিক পাঠশালা। প্রায় ৬৮ জন শিক্ষার্থী নিয়ে বান্দরবান সদর উপজেলার মুসলিমপাড়ায় শুরু করেন মানবিক পাঠশালাটি। সেই পাঠশালার অনেক শিক্ষার্থী বর্তমানে উচ্চ মাধ্যমিকে পড়ছেন। বান্দরবানের পর দোলন যেখানে বদলি হয়েছেন সেখানেই গড়ে তুলেছেন শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য মানবিক পাঠশালা। চট্টগ্রামের ঝাউতলা রেললাইনের পাশে বস্তিতে বসবাস করা শিশুদের জন্য এবং তার নিজ জেলা লক্ষ্মীপুরেও প্রতিষ্ঠা করেছেন মানবিক পাঠশালা।
এসব শিক্ষার্থীর জন্য নিয়মিত বই, খাতা, কলম, ইউনিফর্ম, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্রাশ, টুথপেস্ট, নেইল কাটার ইত্যাদি বিতরণ করেন তিনি। শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবিক পাঠশালার এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে দোলন বলেন, ‘শিক্ষার আলো থেকে ঝরে পড়া এবং শিক্ষা সুবিধাবঞ্চিত এই শিশুদের স্বশিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে আমার এই প্রচেষ্টা।’ u
- বিষয় :
- উদ্যোগ
