উদ্যোগ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ নেতৃত্ব
‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৬’-এ জলবায়ু ন্যায়বিচার, দূষণ ও পাহাড় রক্ষার দাবি তোলেন ফয়েজ উদ্দিন ছবি : সংগ্রহ
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তব সংকটগুলোর একটি। বাংলাদেশের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চল এর সবচেয়ে বড় ভুক্তভোগী। চট্টগ্রামে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, পাহাড়ধস, নদীদূষণ ও অপরিকল্পিত নগরায়ণের কারণে ভয়াবহ ঝুঁকির মুখে। এই বাস্তবতায় তরুণ সমাজ এখন জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আরও সক্রিয় হয়ে উঠছে। সেই তরুণ কণ্ঠগুলোর অন্যতম ফয়েজ উদ্দিন।
জলবায়ু আন্দোলনে সক্রিয় ভূমিকা
নোয়াখালীতে জন্ম হলেও ফয়েজের বেড়ে ওঠা চট্টগ্রাম এবং রাঙামাটিতে। ছোটবেলা থেকেই দুর্যোগ, পাহাড়ধস, বন্যা এবং প্রান্তিক মানুষের সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। সেখান থেকেই তাঁর মানবিক কাজের যাত্রা শুরু। ২০১৫ সালে ইউনিট ফর বডি রাইটস-এর মাধ্যমে সামাজিক কার্যক্রমে যুক্ত হন। পরে যুব রেড ক্রিসেন্ট, ইউনিসেফ এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, মানসিক স্বাস্থ্য, নিরাপদ পানি, স্বাস্থ্য সচেতনতা ও জলবায়ু আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
২০২৪ সালে ফেনীতে বন্যায় তিনি তরুণদের নেতৃত্ব দিয়ে উদ্ধার কার্যক্রম, সচেতনতা মাইকিং, মেডিকেল ক্যাম্প, নিরাপদ পানি ক্যাম্পেইন ও অ্যাডভোকেসি পরিচালনা করেন। ইউনিসেফ ও জেলা তথ্য অফিসের সঙ্গে কাজ করার সময় আন্তর্জাতিক প্রতিনিধি দল এবং অস্ট্রেলিয়ান অলিম্পিক সাঁতারু এমা ম্যাককিওনের সামনেও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
জলবায়ু সচেতনতায় তরুণদের অংশগ্রহণ
বর্তমানে তিনি ‘নোবডিটু সামবডি’-এর প্রতিষ্ঠাতা হিসেবে তরুণদের নিয়ে জলবায়ু সচেতনতা, বৃক্ষরোপণ, মানসিক স্বাস্থ্য, শান্তি, শিক্ষা ও কমিউনিটি রেজিলিয়েন্স নিয়ে কাজ করছেন। সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৬’-এ তিনি জলবায়ু ন্যায়বিচার, শিল্পদূষণ নিয়ন্ত্রণ, পাহাড় রক্ষা এবং কর্ণফুলী নদী সংরক্ষণের দাবি তুলে ধরেন। নিজের কার্যক্রম এবং জলবায়ু সচেতনতায় তরুণদের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে ফয়েজ উদ্দিন বলেন, ‘জলবায়ুর সুবিচার মানে শুধু পরিবেশ রক্ষা নয়; এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ রক্ষা করা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী অবশিষ্ট থাকবে না। সারাদেশের তরুণরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি বিশ্বাস করি, তরুণদের গবেষণা, নেতৃত্ব ও মানবিক উদ্যোগই পারে একটি টেকসই ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে।’
- বিষয় :
- উদ্যোগ
