সচেতনতা
উৎসবে যা করবেন
ফেরদৌস আলম
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
ঈদ উৎসবকে আপন করতে সারা বছরই আমরা মুখিয়ে থাকি। এই ঈদেই ধরা দেয় স্বপ্নের রং। তাই ঈদ নিয়ে আমাদের নানা জল্পনা-কল্পনা। শপিং পাগলুরা শপিং শেষে এখন পশুবাজার নিয়েই ব্যস্ত। তা ছাড়া শহুরে এবং গ্রামের বাসিন্দাদের মধ্যেও ঈদকে ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এর কোনোটা যেন আপনাকে বুড়ো আঙুল না দেখায় সেটিও মাথায় রাখতে হবে। চলুন, ঈদের সতর্কতাগুলো
জেনে নেই–
টিকিটের ঝক্কি: বাড়ি যেতে বড্ড তাড়া আপনার। কিন্তু বাস, ট্রেন এবং লঞ্চ কিছুরই টিকিট মিলছে না; ওদিকে ফোন করে যাচ্ছে প্রিয়জন। এই ফোনের যন্ত্রণায় টিকিটের ঝক্কিটা আরও চেপে বসল মাথায়। আপনি পরাজয়বরণ করে গোমড়া মুখে বসে থাকলেন। কিংবা বাড়াবাড়ি করে বাসে উঠতে গিয়ে ঘটিয়ে ফেললেন অঘটন। এমনটা না করে একটু ভাবুন। বলি, অঘটন ঘটনে পটিয়সী সবাই হতে পারে না। আর বাড়াবাড়িও সবাই করতে পারে না। তাই একটু সময় নিলেই বাড়াবাড়ি নামের দানবের ছোবলে পড়তে হবে না আপনাকে। বলি, বাড়ি যাওয়ার দু’চার দিন আগেই করে রাখুন টিকিট।
শিংয়ের গুঁতো: এই ঈদে গরুসহ নানা পশুকে কেন্দ্র করেও দেখা যায় অনেকের নানা উত্তেজনা। দেখুন, শিংওয়ালা গরুকে যদি আপনি বশে আনতে না পারেন; তবে তার কাছ থেকে ভালো কিছু পাবেন বলে মনে হয় না!
বিপদের পূর্বাভাস: মাংস কাটাকুটি পছন্দ করেন অনেকেই। এই ক্ষেত্রেও লাগাম টেনে ধরুন বাড়াবাড়ির। এখানে একটু অসচেতন হলেই অঘটন ঘটে যেতে পারে। সেই সঙ্গে পরিবারের আনন্দেও পড়বে বাটা।
ঠান্ডা ঠান্ডা মুড: রাতে ধুমধাড়াক্কা পার্টির কথা যারা ভাবছেন, তাদের বলি, সেই পার্টিতে বেসামাল হলে চলবে না। এতে আপনি আপনার সৎ উদ্দেশ্য থেকে যোজন যোজন দূরে সরে যাবেন। যদি যেতে হয় পার্টিতে; তবে উদ্ভট পোশাক পরে যাবেন না। পার্টি আসলে আপনাকে নতুন করে উপস্থাপন করবে সবার সামনে। সেখানে অতিরিক্ত নাচানাচি করাও ঠিক হবে বলে মনে হয় না; যে নৃত্য অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
উন্মাদনার অন্য সুর: ঈদ নিয়ে যাদের রাজ্যের পরিকল্পনা তারাও সাবধানতা অবলম্বন করে পথে নামুন। আনাড়ি চিন্তা ঝেটে মেতে উঠুন ঈদের আমুদে উন্মাদনায়। কোনো কিছুতেই যেন আপনার বাড়াবাড়ি না হয়ে যায় সে কথা মাথায় রেখে ঈদের পুরো মাস্তিটা পকেটে ঢোকান। একে একে রঙিন পালক গজিয়ে নিন উদ্যামতার ডানায়। মনের আকাশে রঙিন ঘুড়ি উড়িয়ে ঈদকে আরও আপন করে নিন। আর ঈদও তো চায়, আপনি হেসে ওঠুন। নেচে উঠুন, তার পাশে বসে কাঁধে হাত রেখে গেয়ে উঠুন উষ্ণতার গান। ঈদ উৎসব হোক উৎসর্গের উদার প্রাণ।
- বিষয় :
- উৎসব পালন
