ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বর্ষায় ঘর ছেড়ে বেরিয়ে পড়ছেন?

বর্ষায় ঘর ছেড়ে বেরিয়ে পড়ছেন?
×

উপভোগ্য ট্যুরের জন্য থাকা চাই পরিকল্পনা

ইয়াসিন মাসুম

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৯:০৬

| প্রিন্ট সংস্করণ

বর্ষা তরুণদের যেন একটু বেশিই দুর্বল করে দেয়। ঘর থেকে তাদের ডেকে নিয়ে যেতে চায়! তরুণরাও সেই ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েন। তাও বন্ধু-বান্ধবের সঙ্গে। তা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন ভালো কথা! তার আগে কয়েকটি বিষয় স্পষ্ট করে নিন–

খরচের হিসাব: ভ্রমণে ঠিক কত টাকা খরচ করবেন, সে বিষয়টি আগে থেকেই ঠিক করে নিন। তারপর বাজেট অনুসারে খরচ করুন। মনে রাখবেন, এ ক্ষেত্রে বেহিসাবি হলে আপনার সামনে হাজির হতে পারে নানা ঝুট-ঝামেলা থেকে শুরু করে বড় ধরনের দুর্যোগ!
থাকার জায়গা: ঘুরতে গিয়ে হোটেলে থাকবেন, নাকি বন্ধুরা মিলে তাঁবু গেড়ে ক্যাম্প করবেন–এ বিষয়টিও নির্দিষ্ট করা জরুরি। কারণ, এখন চলছে বর্ষাকাল। হোটেলে থাকলে হোটেল ভাড়া ও আনুষঙ্গিক খরচের খোঁজ নিয়ে রাখুন আগে থেকেই। আর ক্যাম্প করলে সেটির উপযোগিতা ও নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত হয়ে নিন।
দুর্ভোগ সামাল: ভ্রমণে সব যে সুষ্ঠু-সুন্দর হবে–এমন কোনো নিশ্চয়তা নেই। না চাইলেও সামনে পড়তে পারে অনাকাঙ্ক্ষিত নানা ঝামেলা। সেগুলো কীভাবে সামলাবেন, তার প্রাথমিক প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখাই ভালো।

স্বস্তির ধরন: ভ্রমণে গিয়ে ছুটোছুটি করবেন, নাকি গা এলিয়ে দিয়ে আয়েশে উপভোগ করবেন সময়টা–সেটি আগে থেকেই সঙ্গীদের জানিয়ে রাখুন। ধরুন, আপনার ইচ্ছে হলো খানিকটা আয়েশ করার, অন্যদিকে বন্ধুরা জোরাজুরি শুরু করল ঘুরে বেড়ানোর জন্য–বিষয়টি এমন হলে তা মনোমালিন্য ডেকে আনবে। তাই না?
খাবার-দাবার-ঘুম: কী কী খাবেন আর কোন সময়টায় ঘুমাবেন–আপাতদৃষ্টিতে এ বিষয়গুলোকে অনেকে গুরুত্ব না দিলেও, এগুলো কিন্তু জীবনের অপরিহার্য অংশ। তাই এ-সংক্রান্ত একটি তালিকা আগে থেকেই ঠিক করে নিন।
যাওয়ার জায়গা: একেকটি ভ্রমণ এলাকা ঘিরে থাকে আরও বেশ কয়েকটি ছোট-বড় এলাকা। সেগুলোর মধ্যে কোনগুলোতে না গেলেই নয়, আর কোনগুলোতে যাওয়ার ইচ্ছে নেই আপনার–সবকিছু আগে থেকে ঠিক করে নিন। তারপর পরিকল্পনা অনুসারে ভ্রমণের তৃপ্তি বাস্তবায়ন করুন। তা না হলে গোলমাল বেধে যেতে পারে। ভ্রমণটা হয়ে উঠতে পারে আপনার জন্য বিষাদের। u

আরও পড়ুন

×