প্রেরণা
দোষারোপের সময় নেই...
শিয়ে বাস্তিদা ছবি : সংগ্রহ
আরমান খান
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
শিয়ে বাস্তিদা। তরুণ জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকর্মী। বিশ্বজুড়ে তরুণদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং সমষ্টিগত শক্তির কথা বলে আলোচনায় এসেছেন। মেক্সিকান-আমেরিকান এই আদিবাসী অধিকারকর্মীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন আরমান খান
আমাদের মানে তরুণদের প্রায়ই বলা হয় যে, ‘তোমরা হচ্ছো আগামী দিনের ভবিষ্যৎ। তবে এটি বিশ্বাস যেমন করি, তেমনি এটিও বিশ্বাস করি যে, তরুণরা কেবলই ভবিষ্যৎ নয় তারা বর্তমানও। আজকের তরুণরা যে সিদ্ধান্ত নেবে, তা-ই তরুণদের বা আমাদের আগামীর দিন নির্ধারণ করবে!
দোষারোপের সময় নেই!
সুযোগ পেলে আমরা অন্যের ঘাড়ে দোষের বোঝা তুলে দিই! বড়দের প্রায়ই দেখেছি, তারা তরুণদের ওপর অনায়াসে যে কোনো দোষ চাপিয়ে দিতে অভ্যস্থ। সেই সঙ্গে আমরা নিজেরা তো আছিই! আসলে আমরা এমন এক সময়ে বসবাস করছি যে আমাদের আশপাশে সংকটের শেষ নেই। তাই বলে এই সংকটে আমাদের হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। মনে রাখবেন, আমাদের কাছে সময় খুব খুব এবং খুবই কম। এই সামান্য সময় পরস্পরকে দোষারোপ না করে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।
সন্তানের কাছ থেকে ধার নেওয়া পৃথিবী
আমার পরিবার এবং আদিবাসী সংস্কৃতি আমাকে অত্যন্ত সুন্দর ও গভীর একটা কথা শিখিয়েছে; আর তা হচ্ছে ‘আমরা এই পৃথিবী আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাইনি, বরং আমরা এটি আমাদের সন্তানদের কাছ থেকে ধার নিয়েছি।’ আমি এটি বার বার মন দিয়ে অনুভব করেছি। আসলেই তো, আমরা যেখানে থাকি না কেন, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই পৃথিবীকে যেভাবে পেয়েছি, তার চেয়েও সুন্দর, নিরাপদ এবং বাসযোগ্য করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া।
পরিবর্তনের সূচনা
আমরা প্রায়ই বড় কিছু করে দেখানোর অপেক্ষায় ছোট ছোট সুযোগ হাতছাড়া করি। আবার যদি বড় কিছু না করতে পারি তখন সবই হাতছাড়া! এমনটা না করা বুদ্ধিমানের কাজ। আমাদের এটি বুঝতে হবে, একটি ন্যায্য এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কেবল লাখো মানুষের আন্দোলন শেষ কথা নয়। বরং এটি তখনই সম্ভব, যখন মানুষ নিজ নিজ জায়গা থেকে তাদের সেরা চেষ্টাটুকু করবে। আমাদের ছোট একটি উদ্যোগ হতে পারে পরিবর্তনের সূচনা!
তরুণরা কী-ই বা বোঝে?
‘তোমরা তরুণ, তোমরা কী-ই বা বোঝো?’
বড়দের এমন একটি অভিযোগের তীর সবসময় তরুণদের প্রতি তাক করা থাকে। আপনার আশপাশের এমন বড়দের বুঝিয়ে দিন, বয়স আমাদের সীমাবদ্ধতা নয়, বরং আমাদের বড় শক্তি সাহস এবং নতুন কিছু করার উদ্যম। পরিবর্তনের জন্য আমরা অনুমতির অপেক্ষা করি না।
কাজ করার এখনই সঠিক সময়
তরুণদের সঙ্গে বড়দেরও বলি, আসুন, আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী গড়ে তুলি যা কেবল টিকে থাকবে না, বরং যেখানে প্রতিটি
প্রাণ সুখে-শান্তিতে বিকশিত হতে পারবে। তাই আজই নেমে পড়ুন কাজে!
- বিষয় :
- প্রেরণার কথা