ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কৃষিতে তরুণদের স্বপ্ন দেখাই

কৃষিতে তরুণদের স্বপ্ন দেখাই
×

উম্মে কুলসুম পপি। ছবি- লেখকের সৌজন্যে

উম্মে কুলসুম পপি, কৃষি উদ্যোক্তা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ০৬:৪৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ১২:৪৭

| প্রিন্ট সংস্করণ

কৃষির সঙ্গেই বসবাস আমাদের। লালমনিরহাটের এক ছোট্ট গ্রামে বেড়ে ওঠা আমার। সাগরের জন্ম ও বেড়ে ওঠা রংপুরের বদরগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামে। দুজনের পড়াশোনার শুরুটা গ্রামে। পরে একসঙ্গে দেখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। দুজনেরই শৈশব ও কৈশোরের স্মৃতির একটি বড় অংশজুড়ে রয়েছে দেশের গ্রামীণ সৌন্দর্য। তাই তো প্রকৃতি ও কৃষির প্রতি ভালোবাসার দরুন ছোট, তথ্যবহুল ভিডিও বানাতে শুরু করি আমি। আমার রসদ জোগাতে থাকেন সাগর। ভিডিওতে বিভিন্ন ফুল, ফলের চাষ নিয়ে কথার পাশাপাশি থাকে কৃষিবিষয়ক নানা কৌশল নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণও। আস্তে আস্তে এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মেলে মানুষের অকুণ্ঠ ভালোবাসা। ফলে প্রকৃতি ও কৃষিতেই নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে থাকি আমরা। সেই সঙ্গে অসংখ্য তরুণকে কৃষিতে ক্যারিয়ার গড়ার স্বপ্নও দেখতে থাকি। 

যে কারণে আমার ভিডিও অন্যরকম এবং   আমার প্রথম ভিডিও

ভিডিও তো অনেকেই তৈরি করেন। আমার ভিডিওগুলো কেন এত গ্রহণযোগ্যতা পায় দর্শকের কাছে, তা জানতে চাইলে আমি বলবো, আসলে যে কোনো কনটেন্ট তৈরির আগে আমি সুনির্দিষ্ট বিষয় খুঁজে বের করি। তারপর বিষয়টি কীভাবে সহজভাবে তুলে ধরা যায়, তা নিয়ে কাজ করি। একের পর এক ফলের বাগান থেকে শুরু করে বিস্তৃত মাঠে ঘুরে বেড়াই। নিজে বিষয় সম্পর্কে জেনে তারপর সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে ভিডিও তৈরি করি। আমার ভিডিও কনটেন্ট ও ইউটিউব চ্যানেলে যারা চোখ রাখেন, তারা এটি ভালোভাবেই আঁচ করতে পারেন। তাছাড়া আমার চ্যানেলের প্লে-লিস্টও সুনির্দিষ্ট কনটেন্ট দিয়ে সুসজ্জিত। ফলে দর্শক নিজের পছন্দ অনুযায়ী কনটেন্ট খুঁজে নিতে পারেন। আপনি কী ধরনের মাছ, মসলা, ফল কিংবা ঔষধি গাছ সম্পর্কে জানতে চান তা অনায়াসেই পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। নিজের প্রথম ভিডিওর কথা মনে পড়ছে এখন। শুনুন, আমার প্রথম ভিডিওটি বানিয়েছিলাম তিস্তার এক চরে। কুমড়া চাষ নিয়ে। সেই ভিডিওতে আমি প্রত্যাশার চেয়েও বেশি প্রশংসা পেয়েছি; যা আমাকে পরবর্তী সময়ে কাজের প্রতি উৎসাহ দেয়।

উম্মে কুলসুম পপি ও আবু সাইদ আল সাগর

উদ্যোক্তা হিসেবে আমাদের পথচলা ও প্রিমিয়াম ফ্রুটসের গল্প
২০২০ সালে করোনার সময়ে আমরা যৌথভাবে চালু করি ‘প্রিমিয়াম ফ্রুটস’ নামের নতুন উদ্যোগ। ২০২২ সালে এটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। এর মাধ্যমে মূলত আমরা রংপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার তাজা ও উচ্চমানের আম সারাদেশে পৌঁছে দিতে থাকি। পরে সেটি আর উত্তরাঞ্চলের জেলাগুলোয় সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়ে পুরো দেশে। আমরা খাগড়াছড়ি থেকে পেঁপে, বান্দরবান থেকে পাহাড়ি কলা, মৌলভীবাজার থেকে জাম্বুরা সরবরাহসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ফল সংগ্রহ করতে থাকি। ব্যবসায় গতি আনতে এবং গ্রাহককে সঠিক তথ্য দিতে কৃষক ও বাগান মালিকদের সঙ্গে সরাসরি কাজ শুরু করি আমরা। এ ছাড়া অগ্রিম ক্রয় চুক্তির মাধ্যমে এক বছর আগেই বাগানের ইজারা নিতে শুরু করি। এতে ফসল ফলানোর প্রক্রিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যাই আমরা। এতে ফলের গুণমান বজায় রাখতে আমরা প্রতিটি পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকি। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও স্বপ্ন দেখার শুরুর কথা...
উদ্যোক্তা হিসেবে আমাদের পথচলা শুরু মূলত সেই ২০১৬ সাল থেকে; বিডি অ্যাসিস্ট্যান্ট প্রতিষ্ঠার মাধ্যমে। প্রতিষ্ঠানটি মূলত রংপুরে ইলেকট্রনিক ডিভাইস সার্ভিসিংয়ের জন্য বিশেষায়িত একটি অনলাইন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বলি, আমরা মূলত শিফটিং সার্ভিস দিয়ে থাকি। সেই সঙ্গে টেকনিশিয়ান হোম সার্ভিস। আমাদের নির্দিষ্ট কিছু টেকনিশিয়ান রয়েছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে আসেন। এ ছাড়া দুধ সরবরাহ, গ্যাস সিলিন্ডার সরবরাহ ও রেন্ট-এ-কার সার্ভিস দিয়ে থাকি। বর্তমানে আমাদের সঙ্গে নিয়মিত ও অনিয়মিত প্রায় ৭০ জন লোক কাজ করছেন। শুরুতে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ধারণাপত্র দিতে থাকি। তখন আমাদের ধারণাপত্র ব্র্যাক আয়োজিত আরবান ইনোভেশন চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড-২০১৭ জিতে নেয়। পুরস্কার হিসেবে তারা আমাদের ৫ লাখ টাকা দেয়। সেই টাকা দিয়ে আমরা কাজ শুরু করি। দ্বিতীয় ধাপে ২০১৮ সালে বিনিয়োগ হিসেবে আমাদের ২০ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে থাকি। এক প্রতিযোগিতা থেকে আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম। এ ছাড়া সেরা নবীন উদ্যোক্তা হিসেবে বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করি। এসব অর্জন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করে। ২০১৯ সালে রংপুর শহরে বাসা ভাড়া নিয়ে বিডি অ্যাসিস্ট্যান্টকে প্রতিষ্ঠানে রূপ দিই আমরা। পরে সেখান থেকে নিজেদের কাজ পরিচালনা করতে থাকি। বর্তমানে সেই অফিস থেকেই বিডি অ্যাসিস্ট্যান্ট ও প্রিমিয়াম ফ্রুটসের কার্যক্রম পরিচালিত হয়।

তরুণরা কৃষিতে নামলেই গড়ে উঠবে আগামীর  নিরাপদ বাংলাদেশ

স্বপ্ন তো অনেক। প্রতিনিয়ত আমরা স্বপ্ন দেখি। আমরা আগামী পাঁচ বছরে ১০০ জন প্রশিক্ষিত টেকনিশিয়ানের ক্যারিয়ার গড়ে দিতে চাই কেবল আমাদের বিডি অ্যাসিস্ট্যান্টে। প্রিমিয়াম ফ্রুটস থেকে নিরাপদ ফল নিয়েও কাজ করছি। আস্তে আস্তে বিদেশের মতো আমরা প্রসেসিং ফুডেও যেতে চাই। সেই সঙ্গে রপ্তানিও করতে চাই নিরাপদ ফল। আমরা নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করেছি। বলতে পারেন এটি আমাদের স্বপ্নের প্রজেক্ট। এখানে অ্যাগ্রো ট্যুরিজমের সফল বাস্তবায়ন ঘটাতে চাই আমরা। এখানে পাওয়া যাবে বিভিন্ন ফলমূল, শাকসবজি, বাগানের তাজা ফলমূল, পুকুরের মাছ, চোখর সামনে ঘুরে বেড়াবে গরু। এই গরুর দুধ খেতে পারবেন আগতরা। আশা করি, শিগগিরই মানুষ সরাসরি এই সেবা নিতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন, কৃষিতে আমাদের অনেক সম্ভাবনা। অথচ এখানে আমাদের আগ্রহ খুবই কম। আরও অনেকের সম্পৃক্ততা প্রয়োজন এই পেশায়। তখন সম্ভাবনার সব দ্বার উন্মুক্ত করে নতুন শক্তি ও ধারণা নিয়ে আসা যাবে। এই আগ্রহ তৈরি এবং সম্ভাবনার দ্বার উন্মোচনেই কাজ করছি আমরা। আমাদের বিশ্বাস, তরুণরা এগিয়ে আসবে আরও ব্যাপকভাবে। তারা কৃষিতে নামলেই গড়ে উঠবে আগামীর নিরাপদ বাংলাদেশ! 

আরও পড়ুন

×