ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিসর্গী ইনাম আল হকের জন্মবার্ষিকী উদযাপিত

‘প্রকৃতি সাধনাকে জীবনব্রত হিসেবে নিয়েছেন তিনি’

‘প্রকৃতি সাধনাকে জীবনব্রত হিসেবে নিয়েছেন তিনি’
×

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহিদ মিলনায়তনে শনিবার ইনাম আল হকের আশিতম জন্মবার্ষিকীর স্মারকগ্রন্থ ‘নিসর্গ মানব ইনাম আল হক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ অতিথিরা -সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ০২:১১

পাখি বিশারদ ও নিসর্গী ইনাম আল হকের ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে গতকাল শনিবার। বাংলাদেশ বার্ড ক্লাব এদিন বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহিদ মিলনায়তনে ‘অদম্য জীবনের উদযাপন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে ইনাম আল হকের অর্জন, অবদান ও তাঁর নিসর্গচর্চা নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করেন। বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য কাজী আহমদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ইনাম আল হক জীবনকে বিলিয়ে দিয়েছেন প্রকৃতির মাঝে থাকা সুখকে খুঁজে বেরিয়ে, এখনও দিচ্ছেন। আভিযাত্রিক মনোভাবসম্পন্ন একজন মানুষ হলেন ইনাম আল হক।
মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব মফিদুল হক বলেন, ইনাম আল হক পাখি, পৃথিবী ও প্রকৃতির মাঝে  জীবনকে ধারণ করেছেন। জীবনের প্রতিটি পদক্ষেপ ও যাত্রায় শামিল করে নিয়েছেন তরুণ প্রজন্মকে; যা এখনও তিনি করে যাচ্ছেন। প্রকৃতি সাধনাকে জীবনব্রত হিসেবে নিয়েছেন ইনাম আল হক।

অনুষ্ঠানে ইনাম আল হক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ভিন্ন পরিবেশে বড় হয়েছি, আমার চার বোন ও মায়ের মাঝে। খুব আদরে বড় হয়েছি। সেজন্য নিজের ভেতর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেওয়ার মনোভাব আমার মাঝে জন্ম নেয়নি কখনও। কোনো দিন হারিওনি। 

বাংলাদেশ বার্ড ক্লাবের সাবেক সভাপতি ও বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, মিনিমালিজমের প্রকৃষ্ট উদাহরণ হলেন ইনাম আল হক। তাঁর সঙ্গে ভ্রমণ করার ফলে আমার জীবনবোধে যুক্ত হয়েছে নতুন পালক। নতুন করে জীবন উপভোগ করার সুযোগ পেয়েছি। 
বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য ও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওবায়দুল হক বলেন, নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত এই মানুষটি তরুণদের মাঝে অভিযাত্রা ও প্রকৃতি নিয়ে কাজ করার স্ফুলিঙ্গ জাগিয়ে তুলতে সক্ষম।  

পরিবারের পক্ষ থেকে ইনাম আল হকের বোন রেবেকা হক বক্তব্য রাখেন। বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ডা. নিয়াজ আবদুর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন। বক্তব্য দেন বাংলাদেশের তিনজন এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, এম এ মুহিত ও শাকিল।  
আয়োজন শেষে আবদুল্লাহ আবু সায়ীদ কসমস বুকস থেকে প্রকাশিত গোলাম শফিক সম্পাদিত ইনাম আল হকের আশিতম জন্মবার্ষিকীর স্মারকগ্রন্থ ‘নিসর্গ মানব ইনাম আল হক’-এর মোড়ক উন্মোচন করেন। বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রয়াত কালিদাস কর্মকার। এ ছাড়া ইনাম আল হকের  কর্মময় জীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

আরও পড়ুন

×