শিল্পকলায় শারদীয় সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত শারদীয় সাংস্কৃতিক উৎসবের শেষ দিন গতকাল বুধবার পরিবেশিত হয় মাঙ্গলিক নৃত্য - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
শরতের শিউলি-সুগন্ধ আর মণ্ডপে মণ্ডপে পূজার ঢাকের ধ্বনির মধ্যেই গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে শেষ হলো শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবের সমাপনী আয়োজন ছিল রঙে-সুরে ও আবেগে পরিপূর্ণ এক মিলনমেলা।
সমাপনী দিনের আসরে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, যুগ্ম সচিব মো. হারুন-অর-রশীদ এবং শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
এ ছাড়া ইতালি, ইন্দোনেশিয়া, লাটভিয়া, সুইজারল্যান্ড ও রাশিয়ার দূতাবাসের প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নেতা এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নন্দনমঞ্চে দর্শকের প্রাণবন্ত অংশগ্রহণ উৎসবকে দিয়েছে এক অনন্য মাত্রা। সাংস্কৃতিক পর্বের সূচনা হয় ৫০ জন শিল্পীর সম্মিলিত ঢাকঢোল বাদন দিয়ে, যা উৎসবের আবহকে মুহূর্তেই প্রাণময় করে তোলে। এর পরই পরিবেশিত হয় ‘মাঙ্গলিক নৃত্য’। স্পন্দন নৃত্যদলের শিল্পীরা অনিক বোসের নির্দেশনায় এটি উপস্থাপন করেন।
একক সংগীতে শিল্পী অণিমা রায় গেয়ে ওঠেন, ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, ‘ওই আসনতলের মাটির ’পরে’ এবং ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’। এখানে মিশে ছিল ভক্তির আবেগ ও শারদীয় উৎসবের আবেদন।
শিল্পী দেবলীনা সুর দোলা পরিবেশন করেন ‘মঙ্গল-দীপ জ্বেলে’, ‘তারে ধরি ধরি’, ‘হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না’ এবং ‘গৌরী এলো দেখে যা লো’ সংগীত। প্রতিটি সুরেই ধরা পড়ে মায়ের আগমনের আনন্দোচ্ছ্বাস। এছাড়া সংগীত পরিবেশন করেন শিল্পী ঋতুরাজ ও সিঁথি সাহা। তাদের কণ্ঠে শারদীয় উৎসব পেয়েছে সমকালীন ছন্দ ও প্রাণ।
সমাপনী দিনের বর্ণাঢ্য আয়োজনে কেবল উৎসবেরই সমাপ্তি ঘটেনি; বরং নতুন অনুপ্রেরণায় আগামী দিনের সাংস্কৃতিক যাত্রার দ্বারও উন্মোচিত হলো একাডেমির নন্দনমঞ্চে।
- বিষয় :
- সাংস্কৃতিক সন্ধ্যা
