জবিতে রবীন্দ্র-নজরুল উৎসব
দুই কবির দর্শন ধারণের আহ্বান
জবিতে গতকাল বুধবার রবীন্দ্র-নজরুল উৎসবে সংগীত পরিবেশন করেন শিল্পীরা -সমকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:১৫
| প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে সংগীত বিভাগের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘রবীন্দ্র-নজরুল উৎসব’ শুরু হয়েছে। প্রথমবারের মতো গতকাল বুধবার দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দুই কবির দর্শন ধারণের আহ্বান জানিয়েছেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিদ্রোহী কবি নজরুল ইসলামের ব্যক্তিত্ব ও সাহসিকতার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর প্রতি বিশেষ স্নেহ ও শ্রদ্ধা পোষণ করতেন।’
দুই মহাকবির অবদান স্মরণ করে তিনি বলেন, ‘নজরুল সাধারণ ও দরিদ্র পরিবার থেকে উঠে এসেও তাঁর অসাধারণ প্রতিভা, বিদ্রোহী চেতনা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য স্থান অর্জন করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন গভীর মানবতাবোধসম্পন্ন একজন বিশ্বকবি, যিনি মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রদর্শন করেছেন।’
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ও নজরুলকে কেন্দ্র করে যৌথ উৎসবের জন্য সবাইকে ধন্যবাদ জানান। জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সক্ষমতার পরিচয় বহন করে।’
জবির পক্ষ থেকে বিশিষ্ট সংগীতশিল্পী ইফ্ফাত আরা দেওয়ানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পী বুলবুল ইসলাম, শামা রহমান এবং জয়ন্ত চট্টোপাধ্যায়। ‘শ্যামল সুন্দর’ পরিবেশন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।
- বিষয় :
- সংস্কৃতি
