স্মরণানুষ্ঠানে বক্তারা
সুফিয়া কামালের জীবন ছিল বিস্তৃত রূপকথার মতো
নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। শনিবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:৫৬ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১২:৩৭
| প্রিন্ট সংস্করণ
কবি সুফিয়া কামালের জীবন ছিল বিস্তৃত রূপকথার মতো। অত্যন্ত সরল ও গৃহী জীবনযাপন করেও তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন। চিন্তা ও চেতনায় তিনি ছিলেন নারীবাদ, মানবাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে। সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও সাঁঝের মায়া ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। গতকাল রোববার ধানমন্ডির সাঁঝের মায়া প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সুফিয়া কামালের জীবনাদর্শ, সাহিত্যকর্ম এবং মানবাধিকার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অ্যাডভোকেট সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রতিপাদ্য ছিল ‘তরুণ প্রজন্মের ভাবনায় কবি সুফিয়া কামাল’।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও উন্নয়ন সংগঠক খুশী কবির। তিনি বলেন, সুফিয়া কামাল তাঁর জীবনযাপন ও চিন্তা-চেতনার মধ্য দিয়ে নারীবাদ, মানবাধিকার, গণতন্ত্র এবং বাকস্বাধীনতার পক্ষে নিরন্তর কাজ করে গেছেন। বাংলাদেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা যাদের রয়েছে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাঁর চিন্তা ও কর্মে প্রভাবিত হয়েছেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক খুরশীদা ইমাম, সংস্কৃতিকর্মী তৃষ্ণা সরকার, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক কর্মী মো. জাহেদুল আলম হিটো এবং কবির মেয়ে সাঈদা কামাল।
স্মৃতিচারণে সাঈদা কামাল বলেন, সুফিয়া কামালের জীবন ছিল বিস্তৃত রূপকথার মতো। অত্যন্ত সহজ-সরল গৃহী জীবনযাপন করেও তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন।
আলোচনা সভার পাশাপাশি একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন ছায়ানট ও নজরুল ইনস্টিটিউটের শিক্ষক জান্নাতুল ফেরদৌস লাকী, সানবিমস স্কুলের শিক্ষক ফেরদৌস রহমান চন্দন এবং সুফিয়া কামাল সাংস্কৃতিক প্রাঙ্গণের শিক্ষক মাহবুবা সুলতানা লিমা। এ ছাড়া এমএসএফের কর্মী মো. মনির হোসেন সুফিয়া কামালকে নিয়ে রচিত লেখা পাঠ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের কর্মী তানিয়া খাতুন।
