ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গান-নৃত্যে স্মরণ নজরুলকে

গান-নৃত্যে স্মরণ নজরুলকে
×

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানীতে ‘নজরুলের গানে মাতোয়ারা ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে সম্মেলক নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। গতকাল বৃহস্পতিবার ছায়ানট মিলনায়তনে সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:৪৮

| প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে গান, কবিতা ও নৃত্যে তুলে ধরা হয়েছে তাঁর দ্রোহ, মানবতা, মুক্তবুদ্ধি ও সমাজমুক্তির চেতনা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে হয় ‘নজরুলের গানে মাতোয়ারা ঢাকা’ শীর্ষক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল স্মরণ উৎসব। দুই আয়োজনেই কবিতা, গান, নৃত্যে স্মরণ কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়। 

সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা পর্বে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা নজরুলের সঙ্গে ঢাকার ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম সাহিত্য সমাজের ‘শিখা’ গোষ্ঠীর সঙ্গে কবির যোগাযোগের কথা তুলে ধরেন।

লাইসা আহমদ বলেন, একশ বছর আগে ঢাকায় প্রথমবার এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। একই সময়ে ঢাকার বুকে জ্ঞানের আলো ছড়িয়ে মুক্তির পথ অনুসন্ধানে যাত্রা শুরু করেছিল মুসলিম সাহিত্য সমাজ তথা ‘শিখা’ গোষ্ঠী। ১৯২৬ সালে প্রতিষ্ঠার পর তাদের মাসিক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তরুণ কবি নজরুল। সেখানে গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে শিখা গোষ্ঠীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচয় তৈরি হয়।

লাইসা আহমদ লিসা বলেন, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’–এই ঘোষণা সামনে রেখেই ‘শিখা’ গোষ্ঠীর যাত্রা শুরু হয়েছিল। তাদের মূলমন্ত্র ছিল ‘বুদ্ধির মুক্তি’। কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন ও কাজী মোতাহার হোসেন ছিলেন এ ধারার অন্যতম প্রাণপুরুষ।
এরপর গার্গী ঘোষ একক কণ্ঠে পরিবেশন করেন ‘আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান’। ছায়ানটের শিল্পীদের সমবেত গান ও নৃত্যে পরিবেশিত হয় ‘ওঠ্‌ রে চাষী, জগৎবাসী, ধর্‌ ক’ষে লাঙল’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’। সমবেত কণ্ঠে শোনা যায় ‘চল্‌ চল্‌ চল্‌’ গান।

একক পরিবেশনায় শাহীন সামাদ গেয়ে শোনান ‘এত জল ও-কাজল চোখে’। বিজন চন্দ্র মিস্ত্রী পরিবেশন করেন ‘বাগিচায় বুলবুলি তুই’, ঐশ্বর্য সমাদ্দার ‘আমি কি সুখে লো’, রেজাউল করিম ‘বসিয়া নদী কূলে’ এবং মিরাজুল জান্নাত সোনিয়া ‘না মিটিয়ে সাধ মোর’।

এ ছাড়া আফসানা রুনা পরিবেশন করেন ‘আঁধার রাতে কে গো একেলা’, সুমন মজুমদার ‘যাও যাও তুমি ফিরে’, নাসিমা শাহীন ফ্যান্সি ‘নিশি ভোর হলো জাগিয়া’, শারমিন সাথী ইসলাম ‘ছাড়িতে পরান নাহি চায়’ এবং সনজিদা বীথিকা গেয়ে শোনান ‘কেন প্রাণ ওঠে কাঁদিয়া’।
নজরুলের ‘খালেদ’ কবিতার অংশবিশেষ যৌথভাবে আবৃত্তি করেন মাহমুদা আখতার ও দেওয়ান সাঈদুল হাসান। খায়রুল আনাম শাকিলের ‘আমার কোন কূলে আজ’ গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের আয়োজন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল স্মরণ উৎসব। 
কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা।

আরও পড়ুন

×