ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রূপচর্চায় আইসকিউব

রূপচর্চায় আইসকিউব
×

মেহনাজ আক্তার নাদিয়া

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৭:১৩

| প্রিন্ট সংস্করণ

তাপপ্রবাহ ত্বকের ওপর বেশ প্রভাব ফেলছে। গরমে ত্বক ক্লান্ত, তৈলাক্ত ও প্রাণহীন হয়ে উঠছে। ঘাম, ধুলাবালি এবং সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে নানা সমস্যা দেখা দিচ্ছে। তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের দিনগুলোয় আইসকিউব দিয়ে রূপচর্চা করতে পারেন। এটি বেশ সহজ ও সাশ্রয়ী। 

উপকারিতা
ত্বককে শীতল করে: গরমে ত্বকে জ্বালাপোড়া, অস্বস্তি ও অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দেয়। আইসকিউব ত্বককে দ্রুত ঠান্ডা করে এবং আরাম দেয়।
ফোলাভাব কমাতে সাহায্য করে: ঘুম কম হলে বা অতিরিক্ত ক্লান্তির কারণে চোখের নিচে ও মুখে ফোলাভাব দেখা দিতে পারে। আইসকিউব ব্যবহারে এই ফোলাভাব কিছুটা কমে।
তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে সহায়ক: ঠান্ডা তাপমাত্রা ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ সাময়িকভাবে কমাতে সাহায্য করে। 
পোরস বা রোমকূপ ছোট দেখায়: আইসকিউব ব্যবহারের পর ত্বকের রোমকূপ কিছু সময়ের জন্য সংকুচিত দেখাতে পারে। ফলে ত্বক তুলনামূলক মসৃণ লাগে। 
মেকআপ দীর্ঘস্থায়ী করতে সহায়ক: মেকআপের আগে কয়েক মিনিট আইসকিউব ব্যবহার করলে ত্বক প্রস্তুত হয় এবং মেকআপ তুলনামূলক ভালো বসে।
রোদে পোড়া ভাব কমায়: রোদে পোড়া ত্বকে সরাসরি বরফ নয়, বরং কাপড়ে মোড়ানো আইসকিউব ব্যবহার করলে শীতল অনুভূতি পাওয়া যায়।
ত্বকে সতেজ ও উজ্জ্বল ভাব আনে: আইস ম্যাসাজের ফলে রক্তসঞ্চালন সাময়িকভাবে বৃদ্ধি পায়, যা মুখে একটি সতেজ ও প্রাণবন্ত লুক এনে দিতে পারে।
যেসব উপাদান দিয়ে আইসকিউব তৈরি করবেন 
শসা: শসা ব্লেন্ড করে ছেঁকে আইস ট্রেতে জমিয়ে নিন। শসার আইসকিউব ত্বককে ঠান্ডা করে, ক্লান্ত ভাব দূর করে এবং সতেজতা আনে। এছাড়া শসায় থাকা অন্যান্য উপকারী উপাদান ত্বককে কোমল করতে

ভূমিকা রাখে। 
গোলাপজল: খাঁটি গোলাপজল আইস ট্রেতে ঢেলে জমিয়ে নিন। এটি ত্বকে প্রশান্তি দেয়, ত্বককে ফ্রেশ ও টোনড দেখাতে সাহায্য করে। মেকআপ করার আগে আইসকিউব লাগিয়ে ত্বক সেট করলে মেকআপ ভালোভাবে বসে। 
গ্রিন টি: গ্রিন টি তৈরি করে ঠান্ডা করে আইস ট্রেতে রাখুন। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় এর আইসকিউব ত্বককে সতেজ রাখতে সহায়ক।
অ্যালোভেরা আইসকিউব: অ্যালোভেরা জেল পানির সঙ্গে মিশিয়ে জমিয়ে নিন। সানবার্নের অস্বস্তি কমাতে এবং ত্বক শীতল করতে সাহায্য করে এ আইসকিউব।
পুদিনা পাতার আইসকিউব: পুদিনা পাতা ব্লেন্ড করে পানি মিশিয়ে জমিয়ে নিন। এ আইসকিউব গরমে ত্বকে শীতল অনুভূতি দেয়। 
লেবুপানির আইসকিউব: কয়েক ফোঁটা লেবুর রস পানিতে মিশিয়ে জমাতে পারেন। ত্বককে ফ্রেশ দেখাতে সাহায্য করে লেবু ও পানির আইসকিউব। তবে সংবেদনশীল ত্বকে ব্যবহার না করা ভালো।

ব্যবহারের সঠিক নিয়ম
আইসকিউব ত্বকে ব্যবহারের আগে পানি দিয়ে ধুয়ে, তোয়ালে দিয়ে মুছে নিন। বরফের টুকরা কিংবা আইসকিউব সরাসরি ত্বকে দীর্ঘক্ষণ ঘষবেন না। পাতলা সুতি কাপড়ে আইসকিউব জড়িয়ে ব্যবহার করা ভালো। এক জায়গায় ১০-১৫ সেকেন্ডের বেশি রাখবেন না। পুরো মুখে ১-২ মিনিট হালকা ম্যাসাজ করলেই যথেষ্ট। ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। 
যাদের সতর্ক থাকা প্রয়োজন
অতিসংবেদনশীল ত্বক, রোসেশিয়া বা অতিরিক্ত লালচে ত্বকের সমস্যা, একজিমা কিংবা সক্রিয় ত্বকজনিত প্রদাহ এবং বরফে অ্যালার্জির প্রবণতা থাকলে আইসকিউব এড়িয়ে চলতে হবে।

  সূত্র: হেলথ লাইন 

আরও পড়ুন

×