মচমচে খাবারে জমুক খেলা
সীমা পুষ্প
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:০৯
| প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব ঘিরে খেলাপ্রেমীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। জমজমাট খেলা দেখার পাশাপাশি যদি মুখরোচক কিছু খাবারের আয়োজন থাকে তাহলে মন্দ হয় না। সহজ উপকরণে ঘরেই দ্রুত তৈরি করা যায় এমন কিছু মজার খাবারের রেসিপি দিয়েছেন সীমা পুষ্প
চিকেন ডোনাট
উপকরণ: কিমা করা মুরগির মাংস এক কাপ, সেদ্ধ আলু এক কাপ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ কুচি, আদা-রসুন বাটা এক চা চামচ করে, গোলমরিচ গুঁড়া ও গরম মসলা গুঁড়া আধা চা চামচ করে, লবণ স্বাদমতো, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, ব্রেডক্রাম্ব এক কাপ, ডিম একটি, কর্নফ্লাওয়ার প্রয়োজন মতো।
প্রস্তুত প্রণালি: বাটিতে কিমা করা মুরগি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা-রসুন বাটা, গোলমরিচ, গরম মসলা, লবণ ও ধনিয়া পাতা একসঙ্গে মিশিয়ে নিন। কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে নিন, যাতে মিশ্রণটি শক্ত থাকে। মিশ্রণ থেকে ছোট বল তৈরি করুন। এরপর ডোনাটের মতো আকৃতি বানান অথবা ডোনাট কাটার দিয়ে কাটতে পারেন। ডোনাটগুলো ফেটানো ডিমে ডোবান, তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে কোট করুন। ফ্রিজে ঘণ্টাখানেকের মতো রেখে দিন। কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম করে ডোনাটগুলো ভেজে নিন। ভাজা হলে টিস্যুতে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন।
চিকেন নাগেটস
উপকরণ: মুরগির মাংস ২৫০ গ্রাম, পাউরুটি দুই পিস, আদা বাটা আধা চা চামচ, রসুন ও গোলমরিচ গুঁড়া বাটা চার ভাগের এক ভাগ করে, কাঁচামরিচ দুটি (পেস্ট করা), সয়াসস ও টমেটো সস এক চা চামচ করে, চিনি সামান্য, লবণ স্বাদমতো, ডিম একটি (লবণ ও গোলমরিচ দিয়ে ফেটানো), ময়দা তিন-চার টেবিল চামচ, ব্রেডক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া এক কাপ, তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে ব্লেন্ডারে পাউরুটির টুকরা ও মুরগির মাংস একসঙ্গে নিয়ে ব্লেন্ড করুন। এই মিশ্রণের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সয়াসস, টমেটো সস, কাঁচামরিচ পেস্ট এবং স্বাদমতো লবণ দিয়ে খুব মেখে নিন। হাতে সামান্য তেল মেখে মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে চারকোনা নাগেটসের আকারে গড়ুন। নাগেটসগুলো ময়দায় গড়িয়ে নিন। ফেটিয়ে রাখা ডিমে ডুবিয়ে নিন। এবার ব্রেডক্রাম্বসের ওপর রেখে চারপাশ কোট করুন। ভাজার আগে ১৫-২০ মিনিট নরমাল ফ্রিজে রেখে দিন। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। নাগেটসগুলো মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালি ও মচমচ করে ভেজে তুলুন।
মিক্সড ডালের পেঁয়াজু
উপকরণ: মসুর ডাল এক কাপ (১ ঘণ্টা ভিজিয়ে রাখা), মুগের ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচামরিচ কুচি ৫-৬টি, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ করে, হলুদ এক চিমটি, লালমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: ডাল ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ড করুন। ডালের বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা-রসুন বাটা, হলুদ, লালমরিচ ও লবণ মিশিয়ে নিন। কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করুন। হাত দিয়ে ছোট ছোট মিশ্রণ ছেড়ে দিন। দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম পরিবেশন করুন।
চিকেন ফ্রাই
উপকরণ: মুরগির মাংস ৮-১০ পিস, আদা, রসুন ও জিরা বাটা এক চা চামচ করে, মরিচ ও হলুদ গুঁড়া এক চা চামচ করে, সয়াসস ও লেবুর রস এক টেবিল চামচ করে, ময়দা তিন কাপ, কর্নফ্লাওয়ার প্রয়োজনমতো, লবণ সামান্য, ঠান্ডা পানি একটি বড় পাত্রে, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: মুরগির টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। ছুরি দিয়ে মাংসের গায়ে হালকা কেটে দিন। আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, গোলমরিচ, সয়াসস, লেবুর রস ও লবণ দিয়ে মাংস মেখে নিন। ১-২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। বড় ছড়ানো পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য লালমরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন। ম্যারিনেট করা চিকেনগুলো ময়দার মিশ্রণে দিয়ে মাখিয়ে নিন। চিকেনের টুকরাগুলো গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে ১০-১২ মিনিট উল্টেপাল্টে ভাজুন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
- বিষয় :
- খাবার
