ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বর্ষায় নতুন গাছ

বর্ষায় নতুন গাছ
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:১১

| প্রিন্ট সংস্করণ

বর্ষায় প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে। আকাশভরা মেঘ, ঝিরঝির বৃষ্টি আর স্নিগ্ধ আবহাওয়া গাছ বড় হওয়ার জন্য তৈরি করে আদর্শ পরিবেশ। এ কারণে নতুন গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে ধরা হয় বর্ষাকালকে। বাড়ির আঙিনা, ছাদ কিংবা ছোট্ট বারান্দা–যেখানেই হোক, গাছ লাগালে তা বাড়িতে সবুজের সজীবতা বাড়াবে। 

ফলদ গাছের জন্য উপযুক্ত সময়
বর্ষায় আম, পেয়ারা, লেবু, কাঁঠাল, জাম, আমড়া ও ড্রাগন ফলের চারা লাগানো যায়। পর্যাপ্ত পানি পাওয়ায় এসব গাছ দ্রুত শিকড় বিস্তার করতে পারে। আবার তুলনামূলক কম যত্নেই ভালোভাবে বেড়ে ওঠে। যারা ছাদে বাগান করতে চাইছেন তারা টবে লেবু ও পেয়ারা গাছ লাগাতে পারেন। 

ফুলগাছের সৌন্দর্য
বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই ফুলগাছ লাগাতে পছন্দ করেন। এ সময় জবা, রঙ্গন, গাঁদা, জুঁই, দোপাটি, চাঁপা, বেলি, চন্দ্রমল্লিকা, গোলাপের চারা লাগাতে পারেন। এ সময় লাগানো গাছগুলোয় দ্রুত নতুন পাতা ও শাখা-প্রশাখা গজাতে শুরু করে।

ভেষজ গাছ
বর্ষায় বাড়ির টবে বিভিন্ন ভেষজ গাছ যেমন নিম, তুলসী, স্টেভিয়া, অ্যালোভেরা, বাসক, পুদিনা, পাথরকুচি গাছ লাগাতে পারেন। 

সবজি চাষ
শুধু ফল বা ফুল নয়, বর্ষার দিনে বিভিন্ন ধরনের সবজি চাষও করা যায়। এ মৌসুমে বাড়ির ছাদে লাউ, মিষ্টিকুমড়া, ঝিঙা, পুঁইশাক, ঢ্যাঁড়শ ও কচুর মতো বিভিন্ন ধরনের সবজি লাগাতে পারেন। 

বর্ষায় গাছের যত্ন 
গাছের গোড়ায় যাতে অতিরিক্ত বৃষ্টির পানি না জমে সে জন্য ড্রেনেজ ঠিক রাখুন। অতিরিক্ত বৃষ্টি হলে বা গাছ বেশি ভিজে গেলে ছায়া আছে এমন জায়গা গাছগুলো সরিয়ে রাখুন। এ মৌসুমে প্রতি ১৫ দিন পরপর গাছের গোড়ায় একবার করে জৈব সার দিন। এর পাশাপাশি নিয়মিত ডালা ছেঁটে দিন, শুকনো পাতা কেটে ফেলুন। 
গাছ লাগানোর সময় যা খেয়াল রাখা জরুরি
রোপণের জন্য সতেজ চারাগুলো বেছে নিন।
গাছ লাগানোর জন্য যেখানে সহজে পানি জমে না এমন স্থান বেছে নিন। 
গোবর বা জৈব সার ব্যবহার করলে গাছ তাড়াতাড়ি বাড়ে। 
টানা বৃষ্টিতে পানি জমে গেলে গাছ দ্রুত সরানোর ব্যবস্থা করুন।
নতুন চারার গোড়ায় বাঁশ বা কাঠি দিয়ে সহায়তা দিন। তাহলে ঝড়-বৃষ্টিতে গাছের ক্ষতির আশঙ্কা কমবে। 

আরও পড়ুন

×