স্বাদের শাপলা
আফরোজা খানম মুক্তা
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
বর্ষাকালের অন্যতম আকর্ষণীয় সবজি শাপলা ডাঁটা। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজমশক্তি বাড়াতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহায়ক। স্বাদে বৈচিত্র্য আনতে এ বর্ষায় বিভিন্নভাবে শাপলার ডাঁটা রান্না করতে পারেন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা
শাপলা ইলিশের ঝোল
উপকরণ: শাপলা দুই আঁটি, ইলিশ মাছ চার পিস, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ফালি পাঁচ-ছয়টি, সয়াবিন তেল চার টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ।
প্রস্তুত প্রণালি: শাপলা খোসা ফেলে লম্বা করে কেটে নিন। লবণ মাখিয়ে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিন। পরে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে শাপলা দিন। ২-৪ মিনিট কষিয়ে পরিমাণমতো পানি দিন। শাপলা সেদ্ধ হলে কাঁচামরিচ ফালি, ইলিশের টুকরা দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। হয়ে গেলে লবণ দেখে নামিয়ে নিন।
শর্ষে দিয়ে শাপলা ভাজি
উপকরণ: শাপলা দুই আঁটি, শুকনা মরিচ চার-পাঁচটি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি ছয়-সাতটি, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে, সরিষা বাটা দুই টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: শাপলা লম্বা করে কেটে লবণ মাখিয়ে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে শুকনা মরিচ কুচি করে ফোড়ন দিন। পরে শাপলা, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, হলুদ, ধনিয়া, লবণ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন শাপলা সেদ্ধ হওয়া পর্যন্ত। কাঁচামরিচ ফালি, সরিষা বাটা দিয়ে আবারও নেড়ে ৫-৭ মিনিট রান্না করুন। এবার লবণ দেখে নামিয়ে নিন।
শর্ষে শাপলা
উপকরণ: শাপলা দুই আঁটি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি পাঁচ-ছয়টি, চিংড়ি মাছ আধা কাপ, আদা ও রসুন বাটা আধা চা চামচ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে, লবণ স্বাদমতো, সরিষা বাটা দুই টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: শাপলার খোসা ফেলে লম্বা করে কেটে লবণ মাখিয়ে রাখুন। শাপলা ধুয়ে হাত দিয়ে চেপে পানি বের করে নিন। কড়াইতে শুকনা মরিচের ফোড়ন দিন। তারপর চিংড়ি মাছ, শাপলা, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে রান্না করুন। ভাজির মতো পানি শুকিয়ে নিন। কাঁচামরিচ, শর্ষে বাটা দিয়ে নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিন।
শাপলা চিংড়ির ঝোল
উপকরণ: শাপলা দুই আঁটি, চিংড়ি মাছ ২০০ গ্রাম, আদা ও রসুন বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল চার টেবিল চামচ, কাঁচামরিচ ফালি পাঁচ-ছয়টি।
প্রস্তুত প্রণালি: শাপলা বেছে লম্বা করে কাটুন। লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখুন। চিংড়ি কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি ও চিংড়ি মাছ দিয়ে ৩ মিনিট ভেজে নিন। এরপর পানি দিন। পরে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। শাপলা দিয়ে আবারও কষিয়ে পরিমাণমতো পানি দিন। শাপলা সেদ্ধ হলে কাঁচামরিচের ফালি দিন। এবার লবণ দেখে নিন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
- বিষয় :
- খাবার