আলোচনায় শ্রমজীবী মানুষের জীবন
পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি মাঠে আলোচনা শেষে সুহৃদরা
তাজকিয়া শরীফ ফারজানা
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৬:৪৮
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শ্রমজীবী মানুষই অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতীয় আয় বাড়াতে অসামান্য অবদান রাখছেন। তরুণ প্রজন্মকে বুঝতে হবে, তাদের নিত্যদিনের জীবনের স্বাচ্ছন্দ্য শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রমের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে শিক্ষিত মধ্যবিত্ত তরুণদের সঙ্গে সাধারণ শ্রমজীবী মানুষের একটি সামাজিক ও মানসিক বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা দূর করে শ্রমজীবীদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রয়োজন। শ্রমজীবী মানুষের অধিকার ও সংগ্রামকে উপেক্ষা করার উপায় নেই। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে শ্রমিকরা এখনও কম মজুরি, নিরাপত্তাহীনতা এবং শোষণের মুখোমুখি হচ্ছে। আমাদের উচিত এই অধিকার আদায়ে সচেতন হওয়া এবং মে দিবসের মতো দিনগুলোয় তাদের আন্দোলনের ইতিহাস জানা। মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় উঠে আসে এসব কথা।
পটুয়াখালী সুহৃদ সমাবেশের উদ্যোগে পহেলা মে বিকেলে স্থানীয় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সুহৃদদের মধ্যে আলোচনা হয়েছে। মে দিবসের প্রতিযোগিতামূলক এ আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পান সরকারি কলেজ ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব, সদস্য আরিফ হোসেন লাবিব ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সুহৃদ মোসা. নাদিরা।
জেলা সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। উপস্থিত ছিলেন–জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদ সদস্য কবি ও লেখক গাজী হানিফ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী রফিকুল ইসলাম রাহাত, পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মো. নাজমুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব, সুহৃদ আরিফ হোসেন লাবিব, সুহৃদ তাজকিয়া শরীফ ফারজানা, মোসা. নাদিরা প্রমুখ।
মুফতী সালাহউদ্দিন বলেন, ‘মহান মে দিবস আমাদের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। এতে অনেক শ্রমিক নিহত হন। এটি ছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ৮ ঘণ্টা কাজের দাবির স্বীকৃতি এবং শ্রমিকদের আত্মত্যাগের দিন। তাই শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং মেহনতি মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক হচ্ছে এই দিনটি এবং শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়ন ও শ্রমিকদের কাজের পরিবেশ নিরাপদ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন এটি।’
সুহৃদ, পটুয়াখালী
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
