ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ

দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ
×

ফরিদপুর সমকাল কার্যালয় প্রাঙ্গণে ‘বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন শেষে অংশগ্রহণকারী ও সুহৃদরা

আবরাব নাদিম ইতু 

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৬:৫১

| প্রিন্ট সংস্করণ

বইয়ের পাতার জটিল নিয়মের বাইরে আনন্দ-আড্ডার ছলে শেখার ভিন্নধর্মী আসর বসছে ফরিদপুর সমকাল কার্যালয়ে। সৃজনশীল নানা কর্মকাণ্ডে ইংরেজি বলা ও শোনার দক্ষতা বাড়ানোর জন্য সুহৃদ সমাবেশ আয়োজন করেছে ‘বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’। ৪ মে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী কর্মসূচি। শুদ্ধ ইংরেজি চর্চা আর নিয়মিত অনুশীলনে নিজেদের দক্ষ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা–

তরুণদের দক্ষতা বাড়ানো এবং ইংরেজি ভাষার ভীতি দূর করে স্বাবলম্বী হতে ফরিদপুরে শুরু হয়েছে ব্যতিক্রমী এক প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার বিকেলে শহরের আলিপুরে সমকাল সুহৃদ সমাবেশ মিলনায়তনে তিন মাসব্যাপী বিনামূল্যে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাইফুর’স-এর সাবেক অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সে স্পোকেন ইংলিশ, রাইটিং ও ফোনেটিক্স শেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী–এমনকি কর্মজীবীরাও।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ইংরেজিকে কেবল একটি ভাষা নয়; বরং বৈশ্বিক যোগাযোগ ও ক্যারিয়ার গড়ার অপরিহার্য হাতিয়ার হিসেবে এগিয়ে যাওয়ার অন্যতম অনুষঙ্গ বলে উল্লেখ করেন। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা মানসম্মত প্রশিক্ষণ নিতে পারেন না, তাদের জন্য সুহৃদ সমাবেশের এ আয়োজনকে সময়োপযোগী সুযোগ ও আশার আলো হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।
অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর সুহৃদ সভাপতি হারুনার রশিদ। প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সমকাল কার্যালয়ের মিলনায়তনে এই প্রশিক্ষণ চলবে। আগ্রহীরা সুহৃদদের সঙ্গে যোগাযোগ করে অংশ নিতে পারবেন। প্রশিক্ষক হিসেবে  দায়িত্ব পালন করবেন সাইফুর’স-এর সাবেক প্রশিক্ষক, শিক্ষক মো. ইকবাল হোসেন। চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের আলহাজ এম এ আজিজ হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নে কাজ করেছেন। 
ইকবাল হোসেন বলেন, ভাষা শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীর অন্যতম দুর্বলতার বিষয় ইংরেজি। আশা করি আমাদের এ প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক অংশগ্রহণকারী ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। ইংরেজি কেবল একটি ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞান ও প্রযুক্তির অন্যতম মাধ্যম। ইংরেজি শেখা মানে নিজেকে একটি বড় সুযোগের জগতে প্রবেশ করানো। যারা ইংরেজিতে দক্ষ, তারা শিক্ষা, ক্যারিয়ার ও বৈশ্বিক যোগাযোগে এগিয়ে থাকে। আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলির জন্য সঠিকভাবে ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমকাল সুহৃদ সমাবেশের এ উদ্যোগ ব্যতিক্রমী। আমার বিশ্বাস, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে শিক্ষিত বেকার তরুণদের পাশাপাশি শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে ভাষায় দক্ষতা ও শব্দভান্ডার বাড়াতে পারবে। সামর্থ্যের অভাবে যারা প্রশিক্ষণ নিতে পারছে না তাদের জন্য এটি বড় সুযোগ। 
ফরিদপুরের সুহৃদ উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণদের এখন থেকেই ইংরেজি চর্চা শুরু করা উচিত। এটি কোনো বিলাসিতা নয়; বরং টিকে থাকার, এগিয়ে যাওয়ার ও নিজের সক্ষমতা প্রমাণের একটি প্রয়োজনীয় হাতিয়ার। ইংরেজি শেখা শুধু পড়া নয়, এটি ভাষাগত দক্ষতা, যা দৈনিক চর্চার মাধ্যমে গড়ে ওঠে। এটি আমাদের মাতৃভাষা নয়, ইংরেজিতে কথা বলার পরিবেশ তৈরি করে নিতে হবে। প্রতিদিন ইংরেজি ব্রডকাস্ট শোনা, আর্টিকেল পড়া ও মুভি দেখার মাধ্যমে নতুন কিছু শিখতে হবে।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে চাকরি খুঁজছেন দীপ্ত মণ্ডল। প্রশিক্ষণে অংশ নিতে এসে বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছি প্রতি ক্লাসে ইংরেজি বই রয়েছে। সেই থেকেই বুঝতে পারি, ইংরেজি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আয়োজন আমাদের জন্য ইংরেজি শেখা কিছুটা হলে সহজ হয়ে উঠবে।
অন্য অংশগ্রহণকারী নুরজাহান আক্তার জানান, আর্থিক অসচ্ছলতার কারণে আমি বিশেষ কোনো কোর্স করতে পারিনি। এই উদ্যোগ সময়োপযোগী। আজ থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে। কর্মসূচি শেষে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। নিয়মিত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা দেওয়া হবে। 
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের অহিদুল ইসলাম, নাজমুল ইসলাম মিরান, প্রভাত সিং, ফারহান নাইব, জিয়াউর রহমান, শামীমা নাছরিন শিমু, সালেহা আক্তার, মো. মিলন, হাসিনা বেগম, রুবিনা মনসুরসহ সংগঠনের সদস্যরা। 
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, ফরিদপুর

আরও পড়ুন

×