ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিলেটে জয়ী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়

সিলেটে জয়ী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়
×
×

সিলেট দি এইডেড হাই স্কুলের মাঠে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলের তার্কিকসহ প্রতিযোগীরা

ফয়সল আহমদ বাবলু

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

উৎসবের আগের দিন এবং সকালে সরাসরি ভেন্যুতে হাজির হওয়া বিতার্কিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সিলেট বিভাগীয় উৎসব ভেন্যু দি এইডেড হাই স্কুল মিলনায়তন চত্বর। একে একে তর্ক ও যুক্তির লড়াইয়ের জানান দেয় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল হবিগঞ্জ এবং আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯টায় শুরু হয় যুক্তিতর্কের লড়াই। দিনভর চলে যুক্তি-পাল্টা যুক্তির উৎসব। খুদে বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি ও তথ্যের চুলচেরা বিশ্লেষণে দিনভর মুখরিত ছিল সিলেটের দি এইডেড হাই স্কুলের হলরুম। মঞ্চে মাইক, সামনে বিচারক আর দুই পাশে আত্মবিশ্বাসী কিশোর-কিশোরীরা। কারও চোখে প্রস্তুতির ছাপ, কেউ আবার শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছে যুক্তির ধার। গত ২২ অক্টোবর দি এইডেড হাই স্কুলে অনুষ্ঠিত উৎসবে দিন শেষে অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিতার্কিক দল। রানার্সআপ হয় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুলের বিতার্কিকরা। শ্রেষ্ঠ বক্তা হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা ইসরাত জাহান মজুমদার।
দীর্ঘদিন ধরে খরা চলছিল অগ্রগামী বিতার্কিক দলে। সর্বশেষ তারা ২০১৭ সালে জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছিল। এরপর খুব একটা সুবিধা করতে পারেনি বিদ্যালয়ের বিতার্কিকরা। জেলা পর্বে কখনও প্রথম রাউন্ড থেকে, কখনও বা ফাইনাল রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে বিদ্যালয়টির বিতার্কিকদের। গত কয়েক বছরের খরা কাটিয়ে এবার জেলা পর্বের পর অঞ্চল পর্বেও চ্যাম্পিয়ন হয় স্কুলের খুদে বিতার্কিকরা।
বিতর্কের উদ্বোধন করেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও রাজনীতিবিদ মিফতাহ সিদ্দিকী। 
সমকাল সিলেট ব্যুরোপ্রধান মুকিত রহমানীর সভাপতিত্বে সুহৃদ সভাপতি তামিম রহমান চৌধুরীর সঞ্চালনা করেন। 
বিচারক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট ডিবেট ফেডারেশনের অফিস সেক্রেটারি সানজিদা সাফা মজুমদার ও সিলেট ডিবেট ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারি সাদিয়া রহমান অন্তু।
দিনভর বিতর্ক উৎসবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ তালুকদার মকবুল হোসেন, এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমেদ, সংগঠক জুরেজ আব্দুল্লাহ গুলজার, সাংবাদিক ইউসুফ আলী, হাফিজুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল আহসান, সুহৃদ তানজিনা আক্তার, হাবিবুর রহমান, জুনায়েদ আহমদ, মাইন উদ্দিন, সাহিনা রহমান প্রমুখ। 

আরও পড়ুন

×