ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য
×

ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক আবু হাসান ভূঁইয়া

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ | ০০:৩৪

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) অচিরেই সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তিনি বলেছেন, শিক্ষার্থী কোন কারিকুলামে পড়লে ভালো ফলাফল করে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবে, তা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য আইসিটিভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জ্ঞানসমৃদ্ধ ও দক্ষতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা।
স্বল্প খরচে মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা পায়, সেই লক্ষ্যে একুশে পদকপ্রাপ্ত সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ২০০৩ সালে বাংলাদেশে প্রথম আইটি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালের নভেম্বরে ঢাকার বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয়। 
মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান। এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের ১০টি বিভাগে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে ১৬টি বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এসব প্রোগ্রামে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি দেওয়া হয়ে থাকে।
উপাচার্য আবু হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের দিকনির্দেশনায় আমরা শিক্ষার্থীদের নতুন নতুন গবেষণায় যুক্ত করছি। আমাদের উন্নতমানের ল্যাব রয়েছে, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় গবেষণা পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাপেক্ষে গবেষণায় সর্বোচ্চ স্থানে পৌঁছানো।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আগামীতে উন্নত বিশ্বের আদলে আমাদের বিশ্ববিদ্যালয়ও অনেক এগিয়ে থাকবে। ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব করাসহ যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলা হবে। প্রতিনিয়তই চলছে উন্নয়নমূলক বিভিন্ন কর্মযজ্ঞ। দেশ ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের চাহিদানুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয় ও বিভাগ খোলার ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, আমরা আগামী বছরগুলোতে উন্নত বিশ্বের মতো আমাদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারব।


 

আরও পড়ুন

×