সাক্ষাৎকার
বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য দেশেই উৎপাদন করছি আমরা
মো. নুরুল আফছার, উপব্যবস্থাপনা পরিচালক, ইলেক্ট্রো মার্ট গ্রুপ
মো. নুরুল আফছার
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:৫১
সমকাল: রেফ্রিজারেটর, এসিসহ হোম অ্যাপলায়েন্স বাজারের সাম্প্রতিক প্রবণতা কেমন? ঈদুল আজহা সামনে রেখে বিক্রয় পরিস্থিতি জানতে চাই
মো. নুরুল আফছার: রেফ্রিজারেটর এবং এসির চাহিদা এখন অনেক ভালো। ঈদুল আজহাকে কেন্দ্র করে চাহিদা আরও বাড়বে। ক্রমবর্ধমান তাপমাত্রা ও তীব্র গরমের কারণে এসি এখন বিলাসদ্রব্যের বদলে প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। ২০২৬ সালে এসির চাহিদা আগের তুলনায় প্রায় ১২ থেকে ১৫ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফ্রিজের বাজারের প্রায় ৯৫ শতাংশ এবং এসির বাজারের একটি বড় অংশ দেশীয় কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে গ্রাহকরা এখন সাধারণ এসির চেয়ে ইনভার্টার এসি বেশি পছন্দ করছেন। গ্রি এসির নতুন মডেলগুলোর প্রায় ৮০ শতাংশ ইনভার্টার প্রযুক্তিনির্ভর। ঈদুল আজহার সময় কোরবানির মাংস সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ও চেস্ট ফ্রিজ বা ডিপ ফ্রিজের চাহিদা সর্বোচ্চ থাকে। অনেক পরিবার এই সময় নতুন ফ্রিজ কেনে বা পুরোনোটি পরিবর্তন করে। কোরবানির ঈদে মাংস দীর্ঘ সময় টাটকা রাখতে সাধারণ ফ্রিজের চেয়ে ডিপ ফ্রিজের চাহিদা অনেক বেশি বেড়ে যায়। খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর বার্ষিক বিক্রির একটি বড় অংশ এই ঈদ মৌসুমেই হয়।
সমকাল: ঈদের বাজারে আপনারা কী কী অফার, নতুনত্ব ও উদ্ভাবন নিয়ে এসেছেন?
মো. নুরুল আফছার: ঈদ উপলক্ষে আমরা বেশ কিছু নতুন ডিজাইন ও মডেলের ফ্রিজ এই সময়ে বাজারে সরবরাহ করছি। গ্রাহদের নিরবছিন্ন পণ্য পাওয়ার জন্য দেশব্যাপী আমাদের সকল নিজস্ব শো-রুম এবং দুই হাজারেরও অধিক পার্টনার ও ডিলার শো-রুমে পণ্য সরবরাহ নিশ্চিত করছি। এছাড়া গ্রাহকেরা আমাদের ওয়েব পেইজের মাধ্যমে ফ্রিজ পছন্দ করে অর্ডার করতে পারেন। আমরা একটি অফার চালু করেছি যার নাম ‘ঘষা দিলেই গোল্ড অফার’। এই অফারে একজন কাস্টমার কনকা এবং হাইকো ব্র্যান্ডের ফ্রিজ কিনলেই একটি স্ক্র্যাচ কার্ড পাবেন; যা ঘষে পেতে পারেন বিভিন্ন গোল্ডের জুয়েলারিসহ কনকা এবং হাইকো ব্র্যান্ডের নিশ্চিত উপহার সামগ্রী। এছাড়া পণ্য কেনার ক্ষেত্রে প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডসহ নগদ এবং মাসিক ৩ থেকে ১৮ মাসের কিস্তিতে আমাদের বিভিন্ন ধরনের শো-রুম, ডিসপ্লে সেন্টার ও ডিলারদের মাধ্যমে কেনা যায়। আমাদের নিজেদেরও একটা কিস্তির ব্যবস্থা রয়েছে। আমাদের কাছ থেকে নিলে ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা দিয়ে থাকি।
গ্রি, কনকা এবং হাইকো ইলেকট্রনিক্স পণ্যগুলো বাংলাদেশে মূলত ইলেক্ট্রো মার্ট গ্রুপের মাধ্যমে বাজারজাত ও উৎপাদিত হয়ে আসছে। প্রযুক্তি, স্থায়িত্ব এবং বিক্রয়োত্তর সেবার কারণে এই ব্র্যান্ডগুলো অন্যদের চেয়ে আলাদা এবং জনপ্রিয়। গ্রি বিশ্বের এক নম্বর এসি ব্র্যান্ড। গ্রি এসির বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো–এআই ইনভার্টার কমপ্রেসার, হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি, অটো সেলফ ক্লিনিং সিস্টেম, স্মার্ট হিউমিডিফিকেশন, স্মার্ট ওয়াইফাই সিস্টেম এবং মিনি এনার্জি রিকভারি সিস্টেম, যা বর্তমান বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। গ্রি এসিতে স্মার্ট ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়, যা ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। কনকা ফ্রিজের স্ট্যান্ডার্ড টেকনোলজির মাধ্যমে মানুষের নিত্যদিনের জীবনকে করে তুলেছে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। কনকা ফ্রিজে রয়েছে ডিজিটাল ডিসপ্লে এবং ইনভার্টার টেকনোলজি; যা বাইরে থেকেও ফ্রিজকে নিয়ন্ত্রণ করা যাবে।
সমকাল: অনলাইনে আপনাদের পণ্য কেনার ব্যবস্থা রয়েছে? অনলাইনে কিনলে বাড়তি কী সুবিধা পাওয়া যাবে? পণ্য কেনার পর ক্রেতাকে কী কী সেবা দেন আপনারা?
মো. নুরুল আফছার: আমাদের পণ্য অনলাইনে কেনার সুব্যবস্থা রয়েছে। আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা অ্যাপের মাধ্যমে ক্রেতা সরাসরি অর্ডার করতে পারেন। বিভিন্ন পণ্য ও দাম তুলনা করে সেরা ‘ডিল’ বেছে নেওয়ার সুযোগ আছে। ঘরে বসেই পণ্য বুঝে পাওয়ার সুবিধা রয়েছে, যা সময় ও শ্রম বাঁচায়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, রকেট বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা। নিয়মিত ডিসকাউন্ট ও উৎসবকালীন বিশেষ ছাড়েরও সুযোগ রয়েছে।
আমাদের ব্যবসার প্রথম এবং একমাত্র মূলমন্ত্র হচ্ছে, গ্রাহকদের সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা। এ জন্য বাংলাদেশে আমাদের প্রায় ৪৫০০ দক্ষ টেকনিশিয়ান কাজ করছে। এছাড়া আমাদের প্রতিনিয়ত ভাবনা থাকে কীভাবে সর্বনিম্ন ব্যয়ের মাধ্যমে সর্বোত্তম বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করা যায়। আমরা ইনভার্টার এসির কমপ্রেসারে দিচ্ছি ১২ বছরের ওয়ারেন্টি এবং নন-ইনভার্টার এসির কমপ্রেসারে দিচ্ছি ৫ বছরের ওয়ারেন্টি। ইনভার্টার এসির স্পেয়ার পার্টসের ৫ বছর এবং নন-ইনভার্টার এসির স্পেয়ার পার্টসে ৩০ মাস ওয়ারেন্টি এবং দুই বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। কেনার পর এক বছর আমরা গ্রাহককে একটি ফ্রি সার্ভিস দিয়ে থাকি। সেই সঙ্গে আমাদের রয়েছে হান্টিং নাম্বার ১৬৬৪৯ কল সেন্টার সেবা। যে কোনো সেবার জন্য গ্রাহকেরা ওই নাম্বারে কল করলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিয়ে থাকি।
সমকাল: ফ্রিজ ও এসির বাজার বড় হচ্ছে। আবার প্রতিযোগিতাও অনেক। এই বাজারে আপনাদের অংশীদারিত্ব বাড়াতে কীভাবে এগোচ্ছেন?
মো. নুরুল আফছার: গ্রি এসি, কনকা ফ্রিজ/টিভি এবং হাইকোর আধুনিক অ্যাপ্লায়েন্সগুলো উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, স্থায়িত্ব, সাশ্রয়ী দাম এবং বিক্রয়োত্তর সেবার সমন্বয়ে বাজারে ভালো অবস্থান তৈরি করেছে। ইলেক্ট্রো মার্ট গ্রুপ প্রথাগত আমদানিকারক প্রতিষ্ঠান থেকে একটি আধুনিক, উৎপাদনভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। গ্রি ও কনকার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্থানীয় উৎপাদন শুরু এবং নতুন প্রজন্মের প্রযুক্তি সংযোজন এই রূপান্তরের মূল ভিত্তি। আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব কারখানায় গ্রি ও কনকা পণ্য উৎপাদনের দিকে রূপান্তর ঘটেছে। হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের মাধ্যমে স্থানীয় উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে, যার লক্ষ্য ‘মেইড ইন বাংলাদেশ’ হিসেবে পণ্য রপ্তানি করা। এয়ার কন্ডিশনার এবং গৃহস্থালি সরঞ্জামে প্রথাগত প্রযুক্তির বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত, জ্বালানিসাশ্রয়ী ও স্মার্ট প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। ডিজিটাল ও কাস্টমারকেন্দ্রিক সেবার মান বাড়াতে অ্যাপ এবং ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে সেবা নিশ্চিত করা হচ্ছে।
সমকাল: সরকার তার বাজেট এবং আমদানি ও রপ্তানিনীতির মাধ্যমে কীভাবে আপনাদের জন্য সহায়ক নীতি নিতে পারে? আগামী বাজেটের জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব রাখতে চান?
মো. নুরুল আফছার: বাংলাদেশে ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগ ও ব্যবসার পরিধি বাড়াতে এবং স্থানীয় উৎপাদন উৎসাহিত করতে সরকার কর্তৃক বেশ কিছু যুগোপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদি নীতিসহায়তা, কর কাঠামোতে স্থিতিশীলতা এবং অবকাঠামোগত উন্নয়নই এ খাতের প্রধান চাবিকাঠি। বারবার কর ও শুল্ক কাঠামো পরিবর্তন না করে অন্তত ৫-১০ বছরের জন্য একটি স্থিতিশীল নীতিমালা থাকা প্রয়োজন। হঠাৎ করে শুল্ক সুবিধা তুলে নিলে বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে পড়েন। নতুন ও পুরোনো উদ্যোক্তাদের জন্য সমঅধিকার ও সমান শুল্ক কাঠামো নিশ্চিত করা, যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী একচেটিয়া সুবিধা না পায়। ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমিয়ে তৈরি পণ্য আমদানির ওপর শুল্ক বাড়ানো এবং স্থানীয়ভাবে পণ্যের ওপর ভ্যাট হার কম রাখা উচিত। কারখানাগুলোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, কারণ এ খাতের উৎপাদন খরচের একটি বড় অংশ জ্বালানির ওপর নির্ভরশীল।
সমকাল: আগামীতে গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে আপনারা কী কী পরিকল্পনা করছেন?
মো. নুরুল আফছার: গ্রাহকদের আরাম ও স্বস্তির কথা বিবেচনা করে গ্রি, কনকা এবং হাইকো ইলেকট্রনিক্স পণ্যে ভবিষ্যতে আরও আধুনিক ও স্মার্ট প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছি। আমাদের গবেষণা ও উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক ইলেকট্রনিক্স পণ্যের প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান দেশের আবহাওয়া এবং মানুষের প্রয়োজনীয়তার সঙ্গে সমন্বয় করে এআই প্রযুক্তিসমৃদ্ধ করে প্রতিনিয়ত আমরা নতুন প্রযুক্তি গ্রহণ করছি। ভবিষ্যতে যে ধরনের চাহিদা তৈরি হবে, তা পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। যেমন– আরও উন্নত এআইভিত্তিক কুলিং অপ্টিমাইজেশন, উন্নত হিউমিডিটি ও এয়ার কুলিং ম্যানেজমেন্ট সিস্টেম, উন্নত আইওভিত্তিক স্মার্ট কন্ট্রোল (মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ), উন্নত এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি, কম বিদ্যুৎ খরচে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা। আমাদের লক্ষ্য সর্বাধুনিক প্রযুক্তি, ব্যয় সাশ্রয়ী এবং আরামের সমন্বয়ে বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশ্বমানের পণ্য ও সেবার অভিজ্ঞতা নিশ্চিত করা।
- বিষয় :
- ঈদের বাজার
- সাক্ষাৎকার
