সাক্ষাৎকারে আমিরুল
অলিম্পিকে চোখ রেখে এশিয়ান গেমস
হকির তারকা আমিরুল ইসলাম
সাখাওয়াত হোসেন জয়
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১২:৪৪
গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত জার্মান লিগে খেলেছেন। সেখানকার অভিজ্ঞতায় হকির তারকা আমিরুল ইসলাম হয়েছেন আরও পরিণত ও পরিপক্ব। জুনিয়র হকি বিশ্বকাপের সর্বোচ্চ এ গোলস্কোরার জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসেও নজর কাড়তে চান। এশিয়াডের আগে দলের প্রস্তুতি এবং লক্ষ্য নিয়ে গতকাল সোমবার আমিরুল কথা বলেছেন সমকালের সঙ্গে। শুনেছেন সাখাওয়াত হোসেন জয়
সমকাল: প্রস্তুতি কেমন হচ্ছে আপনাদের?
আমিরুল: প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আমরা সবাই ট্রেনিংয়ে খুবই সিরিয়াস। তিন দিনে ছয়টি সেশন হয়েছে।
সমকাল: কোচ পিটার গেরহার্ড কী নিয়ে কাজ করছেন?
আমিরুল: তিনি ছোট ছোট বিষয়ের ওপর জোর দিচ্ছেন। ছোট ছোট টেকনিক নিয়ে কাজ করছেন। যেগুলো ছোট হলেও দলে বড় ধরনের প্রভাব বিস্তার করে। এর বাইরে ম্যাচ ফিটনেস নিয়ে বেশি কাজ করছেন তিনি।
সমকাল: দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এ দুই ম্যাচ থেকে কী শিখেছেন?
আমিরুল: কিছু বিশেষ বিষয়ের ওপর নজর ছিল কোচের। যেমন– পেনাল্টি কর্নার নেওয়া, বল কন্ট্রোল করা এবং আমাদের পেশেন্স নিয়ে অনেক কাজ হইছে। এসব বিষয়ে বেশি ফোকাস করা হয়েছে। কারণ ছোট ছোট মিসটেকের কারণে আমরা বড় দলগুলোর বিপক্ষে অনেক বেশি গোল হজম করি। ভবিষ্যতে যেন সেটা না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন কোচ।
সমকাল: শুধু তো দেশেই নয়, জার্মানিতে গিয়েও আপনারা প্রস্তুতি নেবেন।
আমিরুল: আমি যতদূর জানি কোচ ভালো একটা পরিকল্পনা হাতে নিয়েছেন জার্মানি ক্যাম্প ঘিরে। সেখানে আমরা যে ৮ থেকে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলব, সেই দলগুলো বুন্দেসলিগা ওয়ানের। এশিয়ান গেমসের আগে তাদের বিপক্ষে খেলতে পারলে এটা আমাদের জন্য অনেক কার্যকর হবে। জার্মান লিগে বিশ্বের সেরা প্লেয়াররা খেলতে আসে। আর ইউরোপের হকির কালচারটা আসলে খুবই ভিন্ন। ওরা খুবই টাফ হকি খেলে। আমি মনে করি, পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন হয়, এশিয়ান গেমসের প্রস্তুতির আগে আমাদের খেলোয়াড়দের জন্য তা ইতিবাচক হবে।
সমকাল: জুনিয়র হকি বিশ্বকাপে আপনি সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন। এশিয়ান গেমসে আপনার লক্ষ্য কী?
আমিরুল: জুনিয়র বিশ্বকাপের মতোই এশিয়ান গেমসেও আমার একই লক্ষ্য। আমি যদি সুযোগ পাই, তাহলে দলের জন্য শতভাগ মেলে দেওয়ার চেষ্টা করব এবং দলের জন্য অবশ্যই গোল করতে চাই। কোচ যদি আমাকে সুযোগ দেয়, আমার ওপর বিশ্বাস রাখে, আমি চেষ্টা করব তাঁর বিশ্বাসটা ধরে রাখার জন্য। টিমের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমি যতটুকু সময় মাঠে থাকব, সেরাটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সমকাল: এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ। সেরা চারে ওঠা কি সম্ভব?
আমিরুল: অবশ্যই সম্ভব। আমাদের হকি ফেডারেশনের বর্তমান কমিটি প্রফেশনাল ওয়েতে আছে। এই ধারাটা যদি ধরে রাখতে পারে এবং আমাদের জন্য যে পরিকল্পনা করছে, সেটা যদি বাস্তবায়ন করে আমি মনে করি, আমাদের সুপার সিক্সে আসা সম্ভব। আমরা ওই টার্গেট নিয়েই এগোচ্ছি। আশা করি, এই লক্ষ্য পূরণ করতে পারব।
সমকাল: এশিয়ান গেমসে আপনাদের মূল লক্ষ্যটা কী?
আমিরুল: আমাদের টার্গেট সুপার সিক্সে আসা। যেভাবেই হোক আমাদের অলিম্পিক কোয়ালিফাই করতে হবে। সুপার সিক্সে আসতে পারলে আমরা অলিম্পিক কোয়ালিফাই রাউন্ডে খেলতে পারব।
সমকাল: সুপার সিক্সে উঠতে হলে কাকে কাকে হারানোর টার্গেট আপনাদের?
আমিরুল: আমাদের গ্রুপে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া আছে। এই দুটি দলের বিপক্ষে ৩ পয়েন্ট চাই। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে কমপক্ষে ১ পয়েন্ট চাই। যদি জাপান ও কোরিয়ার কাছ থেকে পয়েন্ট আনতে পারি, তাহলে দেখা যাবে গ্রুপ পর্বের তৃতীয় স্থানটা নিতে পারব। এটাই আমাদের টার্গেট।
সমকাল: জার্মানিতে ক্লাবের সঙ্গে খেলবেন। আপনি কি মনে করেন কোনো জাতীয় দলের সঙ্গে খেলা উচিত?
আমিরুল: এটা নিয়ে কোচিং স্টাফরা ভাবছে। জাপানে আমাদের প্রথম খেলা ১৮ সেপ্টেম্বর। আমরা যদি ১০ কিংবা ১২ তারিখে সেখানে পৌঁছায়ই, তাহলে হয়তোবা দু-একটি টিমের সঙ্গে ম্যাচ খেলতে পারব।
- বিষয় :
- আমিরুল ইসলাম
- হকি
- সাক্ষাৎকার