প্রথমবার এশিয়ার মঞ্চে ফর্টিস
ফাইল ফটো
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১১:৪১
দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে পা রাখতে যাচ্ছে ফর্টিস এফসি। আজ মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে বসুন্ধরা কিংস অ্যারিনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ফর্টিস এফসি।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শক্ত অবস্থান তৈরি করার পর এটি ফর্টিসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ম্যাচে আট বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশের করপোরেট ক্লাবটি। নিজেদের চেনা কন্ডিশন এবং গ্যালারিভরা ঘরের মাঠের দর্শকের সমর্থন কাজে লাগিয়ে তারা প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলতে চাইবে। এএফসি চ্যালেঞ্জ লিগটা অনেকটা উয়েফা কনফারেন্স লিগের মতো। ক্লাব প্রতিযোগিতায় তৃতীয় টায়ার। বাংলাদেশের কোনো ক্লাব সরাসরি প্রথম দুটি স্লটে খেলতে পারে না।
দলে বিদেশি খেলোয়াড়রা হলেন–জাপানের শিয়ান কাওয়াসাকি ও ইউসেই শিমোমুরা, গাম্বিয়ার পা ওমর জোবে ও ইসা জালো, নেপালের অনন্ত তামাং ও এরিক বিস্টা, শ্রীলঙ্কার সুজন পেরেরা ও নাইজেরিয়ার স্টেফান চুকউদে। তাদের সঙ্গে আগের স্থানীয় ফুটবলাররা আছেন। দেশি-বিদেশি ফুটবলার নিয়ে দারুণ একটা দল দাঁড় করিয়েছে ফর্টিস।
‘ট্রেনিংয়ে প্রতিদিন ছেলেরা কঠোর পরিশ্রম করছে। কম্বিনেশনটা যেন বেটার হয়, টিম ওয়ার্কটা যেন বেটার হয়, ওই দিকে আমি নজর রাখছি’– বলেন কোচ মাসুদ পারভেজ কায়সার। অন্যদিকে কিরগিজস্তানের অন্যতম শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেড শারীরিক ফুটবল ও দ্রুতগতির পাসিংয়ের জন্য পরিচিত। এশিয়ান প্রতিযোগিতার অভিজ্ঞতা থাকায় তারা ফর্টিসের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে।
- বিষয় :
- ফর্টিস এফসি
- এএফসি