ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নতুন নিয়মে আইপিএল

নতুন নিয়মে আইপিএল
×

ছবি: ইএসপিএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০২:১৭

আসর শুরুর আগে তারকা ক্রিকেটারদের দুই দলে ভাগ করে একটি অল স্টার ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। উত্তর-পূ্র্ব ভারতের চার দল কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে একটি দল।

অন্য দলটি দক্ষিণ-পশ্চিম ভারতের চেন্নাই সুপার কিংস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে গঠিন হবে। ভেন্যু কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। তবে উদ্বোধনী ম্যাচের তিনদিন আগে (২৯ মার্চ প্রথম ম্যাচ) এটি মাঠে গড়াবে বলে জানা গেছে।

ম্যাচটির নাম দেওয়া হয়েছে অল স্টার ম্যাচ। এছাড়া এবারের আইপিএলে আসছে কিন্তু নতুন নিয়মও। আইপিএলে নতুনত্ব আনতে বেশ কিছুদিন ধরেই ফ্রাঞ্চাইজিগুলো আলোচনা করছে। এর মধ্যে প্রত্যেক ডেলিভারি নো বল কি-না চেক করা, সময় পরিবর্তন এবং কনকাশন বদলি ছিল উল্লেখযোগ্য। এর মধ্যে সময় পরিবর্তন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি দুটি সিদ্ধান্তের ক্ষেত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন।

আইপিএলের সম্প্রচার স্বত্বে থাকা স্টার ইন্ডিয়া গেল ক'বছর ধরেই আইপিএলের দ্বিতীয় ম্যাচের সময় বদল নিয়ে আলোচনা করছে। তাদের মতে, দ্বিতীয় ম্যাচ স্থানীয় সময় আটটায় শুরু হলে তা শেষ হতে মাঝরাত হয়ে যায়। এতে করে সম্প্রচার থেকে তারা পুরো সুবিধা নিতে পারে না।

তাদের দাবি ছিল দিনের দ্বিতীয় ম্যাচের সময় আরও এগিয়ে আনা হোক। এ নিয়ে আলোচনায় ফ্রাঞ্চাইজিগুলো উপস্থিত ছিল। কিন্তু সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে তারা একমত হয়নি। কারণ ম্যাচের সময় এগিয়ে আনলে একদল শিশিরের কারণে বেশি সুবিধা পাবে। তাতে ম্যাচের আকর্ষণ কমে যাবে।

আসছে আইপিএলে গুরুত্বপূর্ণ এক নিয়ম হলো মাঠে থাকা আম্পায়ার কোন ডেলিভারি নো বল ডাকতে পারবেন না। তার জন্য একজন আলাদা থার্ড আম্পায়ার রাখা হবে। তিনি প্রত্যেকটি বলই নো কি-না তা চেক করে জানাবেন। গত বছর আইপিএলে নো বল নিয়ে বেশ শোরগোল হয়েছে। বিরাট কোহলি সরাসরি আম্পায়ারের মান নিয়ে প্রশ্ন তোলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে লাসিথ মালিঙ্গার একটি নো বল মিস করে যান মাঠে থাকা আম্পায়ার এস রবি। তাকে শেষ পর্যন্ত আম্পায়ারদের এলিট প্যানেল থেকেও সরিয়ে নেওয়া হয়।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মতো আইপিএলের ২০২০ সালের আসর থেকে চালু করা হচ্ছে কনকাশন বদলি। টেস্টে যেমন কোন ব্যাটসম্যান মাথায় কিংবা ঘাড়ে আঘাত পেয়ে খেলতে অপারগ হলে তার সদৃশ বদলি ক্রিকেটার নামানো যায়। তেমনি আইপিএলে চালু হচ্ছে এই নিয়ম। কোন ক্রিকেটার আইপিএলে কনকাশনে পড়লে তার বদলি নামাতে পারবে দলটি।

আইপিএলের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, 'আমরা কনকাশন বদলি, অল স্টার গেম এবং আইপিএলের ফাইনাল মুম্বাইয়ে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। সূচি অনুযায়ী, আগামী ২৯ মার্চ মাঠে গড়াবে আইপিএলের প্রথম ম্যাচ।

আরও পড়ুন

×