ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তামিম-মুমিনুলদের কথা ভেবে টেস্ট দল পাকিস্তানের

তামিম-মুমিনুলদের কথা ভেবে টেস্ট দল পাকিস্তানের
×

ছবি: ক্রিকইনফো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৫৩ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৩

দ্বিতীয় দফায় পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওই টেস্টের জন্য বাংলাদেশেরও শনিবার দল ঘোষণার কথা ছিল। তবে বাংলাদেশের দল ঘোষণার আগেই পাকিস্তান তাদের টেস্ট দল ঘোষণা করেছে। বাংলাদেশের সম্ভব্য বাঁ-হাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক।

পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন ডানহাতি অফ স্পিনার বেলাল আসিফ। এছাড়া পেসার ফাহিম আশরাফকে দলে নিয়েছে তারা। এই দু'জন গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত টেস্ট দলে ছিলেন না। তারা দু'জন বাঁ-হাতি স্পিনার কাশিফ ভাট্টি এবং বাঁ-হাতি পেসার উসমান শেনওয়ারির জায়গায় দলে ঢুকেছেন।

আসিফ এর আগে ছয়টি টেস্ট খেলে ১৬ উইকেট নিয়েছেন। সর্বশেষ কায়িদ ই আযম ট্রফিতে তিনি ৯ ম্যাচ খেলে টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৩ উইকেট নিয়েছেন। তার বলে দারুণ বাউন্স করে। বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান যেমন তামিম ইকবাল, নাজমুল হোসাইন শান্ত কিংবা মুমিনুল, সৌম্যদের বিপক্ষে দারুণ কার্যকর হতে পারেন তিনি। সেই ভাবনায় তাকে টেস্ট দলে নিয়েছে পাকিস্তান।

পিসিবির প্রধান নির্বাচকের সঙ্গে কোচের দায়িত্ব পালন করা মিসবাহ উল হক বলেন, 'শ্রীলংকার বিপক্ষে জয়ের পর আমাদের টেস্ট দল ফুরফুরে মেজাজে আছে। কিন্তু আমাদের এবারের প্রতিপক্ষ আলাদা। তাই দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। পিন্ডি টেস্টের দলে চার পেসার আছে। আমরা তাই অলরাউন্ডার ফাহিম আশরাফকে ডেকেছি।'

মিসবাহ বলেন, 'বেলালকে বাংলাদেশ দলের বাঁ-হাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছে। সে আমাদের দলে আছে বাড়তি এক অপশন হিসেবে।' আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দফার একমাত্র টেস্টটি মাঠে গড়াবে। এরপর এপ্রিলে আবার একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ।

পাকিস্তানের টেস্ট দল: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, ইমাম উল হক, শান মাহমুদ, বাবর আযম, আসাদ শফিক, হ্যারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহিন আফ্রিদি, বেলাল আসিফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ।

আরও পড়ুন

×