মাশরাফি-ডমিঙ্গো নতুন জুটি
বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার পর সাকিব, রিয়াদের পর মুমিনুলের সঙ্গে কাজ করেছেন ডমিঙ্গো। তবে ওয়ানডে অধিনায়ক মাশরাফির সঙ্গে এই প্রথম। গতকাল সিলেট থেকে শুরু হলো কোচ-অধিনায়কের নতুন জুটির- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩৬ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩৮
গত বছর আগস্টে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর মাশরাফি মুর্তজার সঙ্গে বেশ কয়েকবারই দেখা-সাক্ষাৎ হয়েছে রাসেল ডমিঙ্গোর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রস্তুতির সময়ও শেরেবাংলায় দক্ষিণ আফ্রিকান এ কোচের সঙ্গে 'হাই-হ্যালো' হয়েছে মাশরাফির। কিন্তু দু'জনের একসঙ্গে কাজ করাটা হয়ে ওঠেনি। গতকাল বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন সে অপেক্ষার অবসান ঘটল। লাক্কাতুরা চা-বাগানের সবুজে ছাওয়া গালিচায় দেখা মিলল মাশরাফি-ডমিঙ্গো নতুন জুটির। যদিও বিদায়ের সুর বাজছে মাশরাফির। তার পরও এই জুটির রসায়নটা কেমন জমে, তার ওপর নির্ভর করছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য।
প্রথম দিনের কাজে দু'জনকে বেশ ফুরফুরেই দেখা গেছে। মাঠে টিম মিটিংয়ে ডমিঙ্গোর সঙ্গে দলের উদ্দেশ্যে কথা বলতে দেখা গেছে মাশরাফিকে। আর অনুশীলনের এক পর্যায়ে মাঠের মাঝখানে দু'জনের লম্বা সময়ের আলাপ তো উপস্থিত প্রায় সবার নজর কেড়েছে। ওই মুহূর্তটির জন্যই যেন আলোকচিত্রীরা অপেক্ষায় ছিলেন। তাদের ব্যস্ততা দেখে তেমনটাই মনে হয়েছে। সে যাই হোক, রোববারের ম্যাচের পরিকল্পনার খসড়াটা হয়তো তখন সাজিয়ে নিয়েছেন দু'জন। কোচের সঙ্গে আলোচনায় মাশরাফিকে বেশ সপ্রতিভ মনে হয়েছে। মাশরাফিকে বলতেই দেখা গেছে বেশি।
আসলে বিশ্বকাপের পর লম্বা সময় ধরে বাংলাদেশ ওয়ানডে খেলেনি বলেই ম্যাশ-ডমিঙ্গো জুটি দেখা মেলেনি। বিশ্বকাপ থেকে ফিরেই তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলংকা গিয়েছিল বাংলাদেশ। চোটের কারণে সে সিরিজে যাননি মাশরাফি, তামিম ছিলেন নেতৃত্বে। আর ওই সিরিজের পরই ডমিঙ্গোর নিয়োগ হয়। জুলাই শ্রীলংকার বিপক্ষে ওই সিরিজের প্রায় সাত মাস পর আবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। আর মাশরাফি মাঠে নামছেন সেই বিশ্বকাপের পর।
তবে ক'দিন আগে বিসিবি বস নাজমুল হাসান পাপনের একটি মন্তব্যে মাশরাফির ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেছিলেন, অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ। যদিও পরে তিনি বলেছেন, এ কথা তিনি বলেননি, তার কথা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সেদিনই বিসিবি বসের কথায় ইঙ্গিত পাওয়া গেছে, এপ্রিলে পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডে ম্যাচেও হয়তো মাশরাফিকেই নেতা হিসেবে দেখা যেতে পারে। এমনকি মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মাশরাফিকেই অধিনায়ক দেখা যেতে পারে। তবে বিষয়টা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী সভার ওপর। মার্চের ওই সভায় পরবর্তী ওয়ানডে অধিনায়ক মনোনীত করার একটা সম্ভাবনা রয়েছে। আর এমনটা হলে ম্যাশ-ডমিঙ্গো জুটি লম্বা সময়ের জন্য দেখা যাবে না।
