নেইমারের দাম ১৫০ মিলিয়নে নামাল পিএসজি
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৪:২৭
নেইমারকে নিয়ে সর্বশেষ দলবদলের মৌসুমে বার্সেলোনার সঙ্গে ইঁদুর-বিড়াল খেলেছে পিএসজি। দলবদলের মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত বার্সার সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত সমাধানে আসতে পারেনি দুই ক্লাব। দাম নিয়ে বনিবনা হয়নি পিএসজি-বার্সার। নেইমার তাই ফিরতে পারেনি স্বপ্নের সাবেক ক্লাব বার্সায়।
তবে আগামী মৌসুমে নেইমারকে দলে পাওয়ার পথ বার্সার জন্য কিছুটা সুগম হচ্ছে। কারণ নেইমারের দাম কমিয়ে দিয়েছে পিএসজি। গেল মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা যার দাম হাঁকিয়েছিল ২৬০ থেকে ৩০০ মিলিয়ন ইউরো। এবার তার দাম নামিয়ে এনেছে ১৫০ মিলিয়নে।
আর এতেই আবার নেইমারের বার্সায় আসার পথ পরিষ্কার হচ্ছে। পিএসজিতে নেইমার সুখে নেই। গেল মৌসুমে পিএসজি তাকে শেষ পর্যন্ত না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান। বার্সার আসার ইচ্ছার কথা তিনি প্রকাশ্যেও বলেন। এছাড়া বার্সা তাকে দলে নেওয়ার চেষ্টা করলেও সর্বোচ্চ চেষ্টা করেছে কি-না তা নিয়ে আছে প্রশ্ন। মেসিও প্রশ্ন তোলেন বার্সায় চেষ্টা নিয়ে।
দলবদলের আগামী মৌসুমে আবার বার্সা নেইমারকে দলে ভেড়াক এমনটা চায় পিএসজিও। সংবাদমাধ্যম ইএসপিএনের সাংবাদিক জুলিয়ান লওরেন্স এমনই তথ্য দিয়েছেন। বার্সেলোনার সভাপতি মারিও বার্তামেউ চান আবার নেইমার বার্সায় আসুক।
এছাড়া লিওনেল মেসি তার সাবেক সতীর্থ নেইমারকে আবার বার্সায় চান সেটা প্রকাশ্যেই বলেছেন। সব মিলিয়ে নেইমারের বার্সায় ফেরার পথ সুগম হচ্ছে। তবে নেইমারকে ছাড়লেও তরুণ ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়বে না পিএসজি। যদিও তার দিকে চোখ আছে ম্যানসিটি-জুভেন্টাস-রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের। পিএসজিকে তাই বড় লড়াইয়ের প্রস্তুতিই রাখতে হবে।
