রিয়াল স্ট্রাইকারের জেল চাইলেন বাবা!
ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৫:২২
করোনাভাইরাসের প্রভাবে ইউরো, কোপা আমেরিকার মতো আসর পিছিয়ে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে ইউরোপের শীর্ষ ফুটবল লিগ। স্প্যানিশ লা লিগাও তার বাইরে নয়। লিগ স্থগিত হওয়ায় ফুটবলারদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়।
কিন্তু রিয়াল মাদ্রিদের সার্বিয়ান স্ট্রাইকার লুকা জোভিক তা মানেননি। করোনা পরীক্ষা করিয়েই ফিরে যান দেশে। তার সংস্পর্শে তাই অন্যদের করোনা হওয়ার সম্ভাবনা ছিল। লুকা জোভিক তাই দোষী প্রমাণিত হলে ছেলেকে জেলে পাঠাতে বললেন বাবা মিলান জোভিক।
লা লিগা স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে লুকা জোভিক বান্ধবীর জন্মদিনের পার্টিতে অংশ নেন বলে খবর বের হয়। তার কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করা নিয়ে জোভিকের বাবা মিলান জোভিক বলেন, ‘লুকাকে দুইটা পরীক্ষাই করানো হয় এবং রিপোর্ট অনুযায়ী সে আক্রান্ত হয়নি। সেজন্য সে সার্বিয়া আসার সিদ্ধান্ত নেয়।’
কিন্তু জোভিককে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উল্লেখ করে তার বাবা বলেন, ‘ব্যাপারটা এমন দাঁড়িয়েছে সে বড় অপরাধী। তাকে যদি তার দোষের জন্য জেলে যেতে হয় সে যাবে। যদি জোভিকের দোষ থাকে আমি সার্বিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার শাস্তি দেওয়ার ব্যাপারে একমত।’
জোভিকের বাবা দাবি করেন, তার ছেলে সার্বিয়া ফিরে ঘরেই ছিলেন এবং সামাজিক মাধ্যমে যে ছবি ছেড়ে তাদের দোষী প্রমাণের চেষ্টা চলছে তা পুরনো, ‘সে বেলগ্রেডে ফিরে ঘরেই ছিল। তার বান্ধবী সোফিয়া গর্ভবতী, পার্টি করতে তাই তারা বাইরে যায়নি। তাদের দু’জনের যে ছবি ফেসবুকে ছড়িয়েছে তা স্পেনের।’
