‘আর্জেন্টিনা হারলে মেসিই আগে কষ্ট পায়’
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০২:১১
বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। সর্বশেষ ব্যালন ডি’অর তাই বলে। এছাড়া আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলারও ভাবা হয় তাকে। শিরোপা জয়ের যে স্বপ্ন আর্জেন্টিনা দেখে তা মেসিকে ঘিরেই। অথচ দল ব্যর্থ হলে মেসিকেই বেশি কথা শুনতে হয়। মেসির বন্ধু এবং জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরো বুঝে উঠতে পারেন না, কারা মেসির সমালোচনা করেন।
আগুয়েরোর মতে, আর্জেন্টিনা হারলে সবার আগে বেশি কষ্ট পান মেসি। সেজন্য তিনি ভক্তদের তির হজম করেও খেলে যান। অবসর নিলেও ফিরে আসেন।
মেসির তার ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সবকিছু জিতেছেন। বার্সার হয়ে গোলের রেকর্ড করেছেন। লা লিগা শিরোপা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে সব জিতেছেন। ব্যালন ডি’ আর জিতেছেন ছয় বার। কিন্তু জাতীয় দলের হয়ে তার সাফল্য বেইজিং অলিম্পিকে স্বর্ণ জয় ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দলকে ফাইনালে তোলা। এছাড়া কোপা আমেরিকায় টানা দু’বার রানার্স আপও হয়েছেন মেসিরা। কিন্তু চ্যাম্পিয়ন ভিন্ন আর্জেন্টিনায় কোন শিরোপার মূল্যায়ন হয় না। মেসিদের ওই রানার্স আপ হওয়া তাই দেশটির কাছে সাফল্যের পর্যায়ে পড়েনি।
মেসিকে তাই নিন্দুকের নিন্দা শুনতে হয়। ওই তির হজম করেও জাতীয় দলের হয়ে খেলে যাওয়া মেসিকে নিয়ে টিওআইসি স্পোর্টসকে ম্যানসিটি স্ট্রাইকার আগুয়েরো বলেন, ‘যারা আর্জেন্টিনার হয়ে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে, আমি বুঝি না তারা আসলে কারা। দেশ ব্যর্থ হলে সবার আগেই মেসিই কষ্ট পায়। তাদের সমালোচনার পরও বারবার জাতীয় দলে ফিরে আসে মেসি। কিন্তু ফুটবলে হার জিত থাকবেই। খেলাটাই এমন।’
আর্জেন্টিনা দলে তরুণ নিয়ে আশাবাদী আগুয়েরো। প্রশংসায় ভাসাছেন তাদের, ‘আগে আমার মূল লক্ষ্য চলতি মৌসুম শেষ করা। তারপর কোপা আমেরিকা ও বিশ্বকাপের দিকে মনোযোগ দেব। কোচ লিওনেল স্কালোনির অধীনে আমাদের দল গুছিয়ে উঠেছি। আগামী কোপা আমেরিকা যেহেতু আর্জেন্টিনায়, আমরা তাই রোমাঞ্চিত। ট্রফি জয়ের সম্ভাবনা আছে আমাদের।’
- বিষয় :
- আগুয়েরো
- মেসি
- খেলা
- ফুটবল
- আর্জেন্টিনা