ধোনির কারণে উইকেটকিপিংয়ে ভয় পান রাহুল
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৪:১২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৪:২৪
গৌতম গম্ভীর প্রশ্নটা তুলে দিয়েছেন। তার মতে, কেএল রাহুল পূরণ করতে পারবেন মাহেন্দ্র সিং ধোনির জায়গা। বিশেষ করে ব্যাটিংয়ে। রাহুল সেটা নিউজিল্যান্ড সফরে দেখিয়েছেনও। যদিও গম্ভীর স্বীকার করে নিয়েছেন, উইকেটের পেছনে ধোনির মতো হতে পারবেন না রাহুল।
কেএল রাহুলও জানেন, তিনি ধোনি নন। ধোনি ভারতীয় ক্রিকেটে যা দিয়েছেন। নিজেকে যে পর্যায়ে তুলেছেন, উইকেটের পেছনে দাঁড়িয়ে এবং ব্যাট হাতে তা সবসময় তিনি পূরণ করতে পারবেন না। আর ব্যর্থ হলেই ধোনির সঙ্গে তার তুলনা শুরু হয়ে যাবে। রাহুল তাই স্বীকার করে নিচ্ছেন, ধোনির জায়গা পূরণ করা কঠিন।
তার মতে, উইকেটের পেছনে যেই দাঁড়াক ধোনি হওয়ার চাপ তাকে তাড়িয়ে বেড়াবে। রাহুলেরও তাই উইকেটের পিছনে দাঁড়ালে ভয় বেড়ে যায়, ‘দেশের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে নামলেই আমি ভয় পেয়ে যায়। দর্শকের চাপ অনুভব করা শুরু হয়ে যায়। একটা বল ঠিকঠাক ধরতে না পারলেই দর্শকরা ভাবতে শুরু করে দেয়, ধোনির শূন্যস্থান পূরণ করা এর পক্ষে সম্ভব না। ধোনির মতো একজন কিংবদন্তির জায়গা নেওয়া তাই কঠিনই।’
উইকেটের পেছনে যাকে ধোনির উত্তরসূরি মনে করা হচ্ছিল, সেই ঋষভ পান্ত ব্যর্থ হয়েছেন। ব্যাটিংয়ে বেশি। উইকেটের পেছনেও ধোনির অভাব পূরণ করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজে কেএল রাহুল তাই কিপিং করেছেন। ভালোও করেছেন। এছাড়া ব্যাট হাতে ওই দুই সিরিজে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে।
রাহুল তাই এখন আগের চেয়ে আত্মবিশ্বাসী, ‘আমি কিন্তু উইকেটরক্ষক হিসেবে আগেও খেলেছি। আইপিএলে আমি উইকেটের পেছনে দাঁড়ায়।কর্নাটকে খেলার সময়ও কিপিং করি। জাতীয় দলের প্রয়োজনে আমি তাই যেকোন মুহূর্তে উইকেটরক্ষক হিসেবে খেলতে পারি।’ ধোনি দলে ফিরতে না পারলে, আগামী টি-২০ বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে রাহুলকেই দেখা যেতে পারে উইকেটের পেছনে।
- বিষয় :
- খেলা
- কেএল রাহুল
- ধোনি
- ভারত
- ক্রিকেট