দেড় মাসে চারবার করোনা পজিটিভ দিবালা
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১২:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ০১:১৩
সর্বপ্রথম ২১ মার্চ পাওলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনির শরীরে ধরা পড়েছিল করোনাভাইরাস। মাঝে সুস্থ হওয়ার খবরটি টুইটারে জানিয়েছিলেন জুভেন্তাসের এ আর্জেন্টাইন তারকা। কিন্তু এখনও করোনার সঙ্গে যুদ্ধ করছেন দিবালা। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিংগুইতাতে বলছে, ছয় সপ্তাহে চতুর্থ বারের মতো করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।
কিছুদিন আগে সাক্ষাৎকারে দিবালা নিজেই জানিয়েছিলেন,কীভাবে এ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন এবং শ্বাসকষ্টের সমস্যা ঠিক কতটা ভোগাচ্ছে তাকে। সেখানে তিনি এও জানিয়েছেন, তার বান্ধবী আগের চেয়ে সুস্থবোধ করলেও, নিজের সমস্যা দূর হয়নি তখনও, 'আমার দেহে করোনার বেশ শক্ত উপসর্গ ছিল। যখন অনুশীলন করতে আসি বেশ দুর্বল হয়ে যাই।
পাঁচ মিনিটের মধ্যেই দম ফুরিয়ে যাচ্ছে। নিজেই বুঝতে পারছিলাম কোথাও কোনো কিছু মিলছে না, টেস্টের পর বুঝতে পারি আমরা আবারও করোনা পজিটিভ।' দিবালা করোনা আক্রান্ত জুভেন্টাসের তিন খেলোয়াড়ের একজন। দলটির ডিফেন্ডার ড্যানিয়েলে রুগানি ও মিডফিল্ডার ব্লেইস মাতুইদি আক্রান্ত হলেও দু'জন এখন পরিপূর্ণ সুস্থ।
আগামী ৪ মে থেকে ব্যক্তিগভাবে অনুশীলন শুরু করার কথা ইতালিয়ানদের। আর ১৮ মে'র আগে দলগতভাবে অনুশীলন নিষিদ্ধ করেছে ইতালিয়ান সরকার। সবকিছু ঠিক থাকলে জুভেন্তাসের সঙ্গে শুরুতে দিবালার অনুশীলনে যোগ দেওয়াটা কঠিনই বটে। কারণ তিনি এখনও করোনা পজিটিভ। পরের পরীক্ষায় নেগেটিভ হলেও থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। সবমিলিয়ে মাঠে ফেরার চেয়ে করোনার সঙ্গে লড়াইয়ে এখন দিবালা।