ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ফুটবলের পালে কোপা-ইউরোর হাওয়া

ফুটবলের পালে কোপা-ইউরোর হাওয়া
×

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল-ফ্রান্সসহ অন্যান্য দলগুলো।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ১১:৩৫

মাঝে দুই মাস; এর পরই আবার বিশ্ব মাতবে ফুটবল নিয়ে। এরই মধ্যে শুরু হয়েছে সেসব হিসাবনিকাশ। দল গোছাতে প্রস্তুত কোচরাও। যার বড় একটা কাজ আন্তর্জাতিক বিরতিতেই করতে হয় তাদের। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ক্লাব ফুটবলের খানিকটা বিরতিতে জমলো নতুন একটা আসর, যা কিনা ইউরো ও কোপা আমেরিকার প্রস্তুতিও বলা চলে।

কারণ, বছরজুড়ে ক্লাবগুলোর নানা প্রতিযোগিতার ফাঁকে আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য নিজেদের তৈরি করেন খেলোয়াড়রা। তবে বড় দুই আসরের আগে অনেক দলে চোটের হানা। 

যার মধ্যে আছে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সও। তাদের অন্যতম তারকা খেলোয়াড় অ্যান্তোনিও গ্রিজম্যান এবার থাকছেন না। চোটের কারণে সামনের ম্যাচগুলোতে দেখা যাবে না অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডকে। যার মধ্য দিয়ে নতুন এক পথচলারও সমাপ্তি হবে। টানা ৮৪ ম্যাচে দেশের হয়ে অন্তত এক মিনিট করেও মাঠে ছিলেন গ্রিজম্যান। 

এত দীর্ঘ সময় ধরে খেলার রেকর্ড আর কম ফুটবলারেরই আছে। ফ্রান্সের সামনে এখন জার্মানি। যারা কিনা ইউরোর আয়োজক। ২৩ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দু’দল। এর পর ২৬ মার্চ তারা খেলবে চিলির বিপক্ষে। এ দুই ম্যাচই হবে ইউরোর মূল আসরের আগে ফ্রান্সের শেষ ম্যাচ।

তবে সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এখনও পাঁচটি ম্যাচ খেলবে। আজ তারা নামবে সুইডেনের বিপক্ষে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে হবে ম্যাচটি। কেন সিআর সেভেন নেই– এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁর সমর্থকদের মনে। তবে পর্তুগালের পক্ষ থেকে এ নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। 

কেবল কোচ মার্টিনেজ জানিয়েছেন, বড় একটা আসরের আগে রোনালদোর মতো খেলোয়াড়ের বিশ্রাম জরুরি। সেজন্য তাঁকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত সৌদি লিগে একটানা খেলায় তাঁর ওপর দিয়ে বড় একটা ধকল যাচ্ছে। যাই হোক, হয়তো পরের ম্যাচগুলোতে থাকবেন রোনালদো।
 
জুন-জুলাইয়ের ইউরোর আগে পর্তুগাল সুইডেন ছাড়াও ক্রোয়েশিয়া ও ফিনল্যান্ডের মতো দলকে মোকাবিলা করবে। যেটা ফ্রেন্ডলি ম্যাচ হলেও ইউরোর জন্য দল গোছাতে দারুণ একটা ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবলের রথী-মহারথীরা।

এদিকে ইউরোর সঙ্গে কোপা আমেরিকা নিয়েও আলোচনা কম নয়। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের মূল তারকা লিওনেল মেসিকে ছাড়াই নামবে প্রস্তুতি খেলতে। ২৩ মার্চ ভোরে এল সালভাদর ও ২৭ মার্চ সকালে কোস্টারিকা তাদের প্রতিপক্ষ। এই দুই ম্যাচের আগে চোটে পড়ায় মেসিবিহীন ম্যাচ খেলতে হবে আকাশি-সাদাদের। 

আরেক দর্শকনন্দিত দেশ ব্রাজিলও কোপার আগে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তারা ২৩ মার্চ রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এর পর ২৬ মার্চ খেলবে স্পেনের বিপক্ষে। তাদের দলে চোটের লাইন আরও লম্বা। নেইমার নেই আগে থেকেই। সেই সঙ্গে আরও কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে নতুনদের মাঠে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষাটা চালিয়ে যেতে চাইবেন দলটির কোচ দরিভাল জুনিয়র। যেটা কোপার জন্য দল গড়ার কাজটা সহজ করে দিতে পারে।
 

আরও পড়ুন

×