ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ক্রিকেটারদের মতামত নেবে বিসিবি

ক্রিকেটারদের মতামত নেবে বিসিবি
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ২৯ মে ২০২০ | ০০:৪৭

কভিড-১৯ উত্তর পৃথিবীতে ফুটবলের পর ক্রিকেটও মাঠে ফেরার পথে। সবার আগে মাঠের খেলায় ফিরতে ৬ জুন টি২০ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড পেসারদের পর প্রস্তুতি শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। এশিয়া আর আফ্রিকা মহাদেশের ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে কেবল শুধু হয়নি ক্রিকেটের চর্চা।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা হয়তো কাছাকাছি সময়ে প্রস্তুতি নিতে শুরু করবে। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পলিসিতে অগ্রাধিকার পাবে ক্রিকেটারদের মতামত। বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, মাঠের খেলা শুরুর আগে এই মতামত নেওয়া হবে।

স্বাস্থ্যবিধি মেনে খেলা চালাতে হলে স্টেকহোল্ডারদের সচেতন করতে হবে সবার আগে। খেলা শুরু করতে ক্রিকেটারদের মতামত নেওয়ার ওপর তাই জোর দেওয়া হচ্ছে বলে জানান বিসিবি সিইও, 'আমরা বা ক্লাব চাইলেও হবে না। খেলোয়াড়রা কী বলে সেটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক খেলা বা ঘরোয়া ক্রিকেট চালুর আগে খেলোয়াড়দের মতামত নিতে হবে। জানতে হবে তারা কী চায়। খেলোয়াড়রা চাইলে পরিকল্পিতভাবে খেলার ব্যবস্থা করা হবে।'

৩১ মে থেকে দেশে সীমিত পরিসরে সব কিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুই মাসেরও বেশি সময় পর সীমিত পরিসরে গণপরিবহনও চলবে ঢাকার রাজপথে। ১ জুন থেকে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। তবে খেলাধুলা শুরুর ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এক্ষেত্রে বিসিবিও তাড়াহুড়া করবে না বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী, 'বিসিবি অফিস খোলার ক্ষেত্রে বোর্ডকে পরামর্শ দেব আরও একটু পর্যবেক্ষণ করতে। কারণ স্পোর্টস কিন্তু জীবনযাপনের অপরিহার্য বিষয় না। এটা নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই। সরকার জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো খুলে দিয়েছে। খেলাধুলা সাধারণ মানুষ বা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ না। ৯০ ভাগ বা তারও বেশি মানুষের চিন্তা খেলা নিয়ে নয়।'

বিসিবি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে মাঠের খেলা পরিচালনা করার কথা জানান সিইও নিজাম উদ্দিন, 'আমাদের অগ্রাধিকার থাকবে যত তাড়াতাড়ি সম্ভব খেলাটাকে ফিরিয়ে আনার। আগামী দুই সপ্তাহের মধ্যে যদি খেলাধুলা শুরু করতে পারি, তাহলে অগ্রাধিকার থাকবে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো এবং এফটিপি কমিটমেন্টগুলো পরিচালনা করা।'

ক্রিকেট মাঠে ফেরাতে স্বাস্থ্যবিধির ওপর ভিত্তি করে একটা দিকনির্দেশনা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সরকার দেশে পুনরায় খেলা শুরুর অনুমোদন দেওয়ার পর আইসিসির দিকনির্দেশনা মেনে প্রস্তুতি শুরু করবে। প্রস্তুতি নেওয়া হয়ে গেলে ডিপিএলের বাকি ১০ রাউন্ডের খেলা চালাবে। এজন্য প্রয়োজন হলে ক্লাবগুলোকে সাপোর্ট দেওয়ার কথা জানান বিসিবি সিইও, 'খেলা শুরুর পর যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে বোর্ডের কিছু করার থাকলে করা হবে। এটা একটা দলবদ্ধ কার্যক্রম। বোর্ড, ক্লাব, স্টেকহোল্ডারস, সাংবাদিক সবারই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।'

এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আইসিসির গাইডলাইন (দিকনির্দেশনা) অনুসারে ঘরোয়া ক্রিকেট শুরুর কথা ভাবা হচ্ছে। বোর্ডের নির্দেশনা পেলে আমরা কাজ শুরু করব।' দেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সেদিক থেকে বলা যায়, জুনের মাঝামাঝিতে শুরু করা হতে পারে ক্রিকেটারদের প্রস্তুতি।

আরও পড়ুন

×