ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বিশ্বকাপের বকেয়া অর্থ পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা

বিশ্বকাপের বকেয়া অর্থ পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৪:১৮ | আপডেট: ২৯ মে ২০২০ | ০৪:২২

ইংল্যান্ড বিশ্বকাপ হয়েছে প্রায় ১১ মাস আগে। কিন্তু বিশ্বকাপে ম্যাচ জেতার জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা আইসিসির দেওয়া অর্থ পুরস্কার এখনও পাননি। তবে উদ্যোগ নেওয়া হয়েছে ওই অর্থ তাদের বুঝিয়ে দেওয়ার। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নাইমুর রহমান দূর্জয় এ ব্যাপারে বোর্ডকে রাজী করিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের বিসিবির থেকে দুই কোটি টাকার মতো অর্থ পুরস্কার পাওয়ার কথা। এর মধ্যে বিশ্বকাপে প্রতি জয়ের জন্য তাদের ৪০ হাজার ইউএস ডলার পাওয়ার কথা। সে হিসেবে ক্রিকেটাররা তিন জয়ের জন্য এক লাখ ২০ হাজার ইউএস ডলার পাবেন। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা গত বছর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে শেষ হলেও ক্রিকেটাররা পাননি ওই অর্থ।

কোয়াবের সভাপতি নাইমুর রহমান এ নিয়ে ক্রিকবাজকে জানান, ওই অর্থ পুরস্কার ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার বিষয়ে বিসিবিকে রাজী করিয়েছেন তারা। ঈদের আগে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। বিসিবি কার্যালয় খুললেই ক্রিকেটাররা পেয়ে যাবেন ওই অর্থ। এ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও (ফিকা) ভূমিকা আছে।

আইসিসির এমপিএ (মেম্বারস পার্টিসিপেশন এগ্রিমেন্ট) অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া সদস্যদের দ্রুতই ওই অর্থ পুরস্কার পাওয়ার কথা। বিসিবির ফান্ডে ওই টাকা জমা হওয়ার ১৪ দিনের মধ্যে ক্রিকেটারদের দিয়েও দেওয়ার কথা। কিন্তু ক্রিকেটাররা ওই অর্থ পাবেন কি-না তা কিছুটা সংশয় ছিল। তবে কোয়াবের সঙ্গে বিসিবির আলাপে সে সংশয় কেটে গেছে বলে জানিয়েছেন নাইমুর রহমান।

আরও পড়ুন

×