ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

`মনে হচ্ছে শূন্য থেকে শুরু করব`

`মনে হচ্ছে শূন্য থেকে শুরু করব`
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ২৯ মে ২০২০ | ০৫:০৯

সেই মার্চ থেকে খেলা বন্ধ। কম তো হলো না। অনেক দিন ঘরেই কাটাতে হয়েছে ফুটবলারদের। যদিও এখনও করোনার কালো ছায়া সরেনি পুরোপুরি। তারপরও ফুটবল মাঠে ফিরেছে। এরই মধ্যে শুরু হয়েছে বুন্দেসলিগা। লা লিগাও শুরুর ক্ষণ গুনছে। আর মাঠে নামার আগে বার্সেলোনার প্রাণভোমরা শোনালেন এই সময়কার নানা আশা-নিরাশার কথা। সম্প্রতি 'অ্যাডিডাসে'র সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তার কণ্ঠে ফুটে উঠেছে করোনার এই কঠিন সময় ও মাঠে ফেরার ব্যাকুলতা।

করোনাকাল

এমন একটা সময় আসবে, কখনও ভাবেননি মেসি। তবে এই সংকট শেষে ফুটবল যখন পুরোদমে মাঠে ফিরবে কিংবা এখন যদি ফাঁকা গ্যালারিতে খেলা হয়, তাহলে সব ফুটবলারের মনোযোগ ঠিক রাখাই হবে বড় চ্যালেঞ্জ। যেমনটা মনে করছেন এই আর্জেন্টাইন, 'কেউই তা অনুমান করতে পারেননি। এমন একটি অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে যে বেঁচে থাকা এবং কাজ করাই কঠিন হয়ে পড়ছে। আমরা সকলে নিজেদেরই এই প্রশ্ন করছি, কবে আমরা নিজেদের চেনা পরিবেশে ফিরে যাব। যে কোনো ক্রীড়াবিদের কাছেই এখন মনোযোগ ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

অনুশীলন

শুরুতে ঘরে অনুশীলন। এরপর ক্যাম্পে একাকী অনুশীলন। এখন তো দল হয়েও অনুশীলন করা যাচ্ছে। তবে এ তিন ধাপের মধ্যে বিস্তর তফাৎ দেখছেন মেসি, 'আমি তো বাড়িতেই রোজ অনুশীলন করছি। তবে দলের সঙ্গে অনুশীলন এবং এককভাবে অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নতুনভাবে মাঠে নামার আগে নিজেদের সম্পূর্ণভাবে তৈরি করে নিতে হবে। সে জন্য অনুশীলনের গুরুত্ব অনেক।'

ক্লোজ ডোর

ক্লোজ ডোরে খেলাটা সত্যিই কষ্টকর। দর্শক না থাকলে আসলে সে রকম উদ্দীপনা কাজ করবে না। তবে এখন যা পরিস্থিতি, তাতে মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মেসি তো এমনটাই ভাবছেন, 'ফাঁকা মাঠে খেলাটা সবার কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমার নিজেরই তো সেটা ভেবে খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে এখন যা পরিস্থিতি, তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এ সময়ে মানসিকভাবে নিজেকে তৈরি রাখাটাই সবচেয়ে জরুরি ব্যাপার। তার পরও বলব, অন্য একটা অভিজ্ঞতা হতে চলেছে। মনে হচ্ছে শূন্য থেকে শুরু করব।'

কোপা আমেরিকা

করোনার কারণে পিছিয়ে যায় কোপা আমেরিকা। লাতিন অঞ্চলের এই ফুটবল লড়াই নিয়ে মেসির হতাশা থাকলেও খুব একটা আফসোস নেই। যদিও তিনি নিজেই কোপা খেলতে আগ্রহী ছিলেন, 'কোপা আমেরিকা পিছিয়ে যাওয়া হতাশাজনক। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এ ছাড়া অন্য কোনো পথও খোলা ছিল না। তা ছাড়া আমি ব্যক্তিগতভাবে এ প্রতিযোগিতায় খেলার ব্যাপারে আগ্রহী ছিলাম।'

ভবিষ্যৎ

এখন কী হচ্ছে, সেটা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বললেন মেসি। আর পেছনে ফিরে না তাকিয়ে সামনে ফিরতে বললেন তিনি, 'এই বছরটাতে আমরা কী ছেড়ে যাচ্ছি, তা নিয়ে মাথা না ঘামানোই ভালো। তার চেয়ে আমাদের এগোতে হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে।'

আরও পড়ুন

×