ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আইসিসির প্রেসিডেন্ট হলে সেরাটাই দেবেন গাঙ্গুলি

আইসিসির প্রেসিডেন্ট হলে সেরাটাই দেবেন গাঙ্গুলি
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৪:০৯

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলি। তবে আইসিসির প্রেসিডেন্ট হতে পারেন বলে গুঞ্জন আছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং বর্তমান বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ আইসিসির সর্বোচ্চ পদে গাঙ্গুলিকেই দেখতে চান।

তার মতে, ক্রিকেটের করোনাকালীন এই খারাপ সময়ে আইসিসির পদে তার মতো কাউকে দরকার। সৌরভ গাঙ্গুলি অবশ্য এ নিয়ে বেশি ভাবছেন না। তবে দায়িত্ব যদি তিনিই পেয়েই যান, নিজের সেরাটা দেবেন বলেই উল্লেখ করেছেন। তার মতে, আমি যেখানেই থাকি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটাই নাকি তার কাজ করার সহজ পদ্ধতি।

বিসিসিআই প্রেসিডেন্ট পদে আট মাস কাটিয়ে দেওয়া সৌরভ গাঙ্গুলি ওয়েবিনারে বলেন, 'বিসিসিআই প্রেসিডেন্ট হতে পারা সৌভাগ্যের ব্যাপার। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, খেলায় আরও উন্নতি আনার ক্ষেত্রে এটা বড় সুযোগ। আমি সব সময় খেলোয়াড়দের পক্ষের লোকই থেকে যাব। ওদের আবেগ আমি বুঝি।'

আইসিসির প্রেসিডেন্ট হওয়া নিয়ে সৌরভ জানান, আমি দায়িত্বটা সহজ করে পালন করার চেষ্টা করি। যেটাই করি, তাতেই সেরাটা দেই। আমি জেনে, না জেনে নানা পদে জড়িয়ে পড়ি। তবে আমার পদ্ধতি সরল। যেভাবে সেরা মনে হয়, সেভাবেই কাজ করি।'

ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সৌরভ বলেন, ভারতের ক্রিকেট যোগ্য হাতে আছে। সুনীল গাভাস্কার যখন শেষ করেছিলেন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা এগিয়ে এসেছিলেন। এখন বিরাট কোহালির সময়। ভারত আগামী দিনেও চ্যাম্পিয়ন খেলোয়াড় ঠিকই পেয়ে যাবে। এটা অনেকটা ফুটবলের ব্রাজিলের মতো। কোথা থেকে প্রতিভা বেরিয়ে আসবে, কেউ জানে না।'

আরও পড়ুন

×